HELP · EVERY QUESTION, ANSWERED

সব প্রশ্নের উত্তর, এক জায়গায়

সাইন আপ করার আগে যা যা জানতে চান — কী করে, কী করে না, কত খরচ, কীভাবে শুরু। কারো সাথে কথা না বলেই জেনে নিন।

১১৯টি প্রশ্ন · ১২টি বিষয়

AiPraktor কী

AiPraktor আসলে কী?

AiPraktor আপনার ব্যবসাকে একজন AI এজেন্ট দেয়, যে দিন-রাত আপনার গ্রাহকদের উত্তর দেয় — Facebook Messenger, Instagram, আপনার Facebook পেজের পোস্টের কমেন্ট, আপনার নিজের ওয়েবসাইটের চ্যাট, আর WhatsApp-এ (আপনি চাইলে আমাদের টিম চালু করে দেয়)। সে প্রোডাক্ট দেখায়, বুকিংয়ের অনুরোধ নেয়, অর্ডারও নেয় — AiPraktor-এর নিজের অর্ডার খাতায়, যেখান থেকে আপনার টিম অনুমোদন করে পাঠায় — আর মানুষ দরকার হলে চ্যাটটা আপনার টিমের হাতে দেয়। খরচ হয় আগে থেকে কেনা AI ক্রেডিট থেকে; মাসিক ফি নেই।

এটা কি মেনু আর কিওয়ার্ডের চ্যাটবট?

না। গ্রাহক নিজের ভাষায় যা লেখেন, AI সেটা পড়ে, আর উত্তর দেয় আপনার নিজের প্রোডাক্ট লিস্ট আর নির্দেশনা থেকে — নলেজ বেস চালু থাকলে আপনার ডকুমেন্ট থেকেও। সে গ্রাহকের পাঠানো ছবি থেকে প্রোডাক্ট খুঁজে বের করে, ভয়েস নোট শোনে, বুকিংয়ের অনুরোধ আর অর্ডার নেয়, আগের কথা মনে রেখে উত্তর দেয়, আর কারণ লিখে রেখে চ্যাট টিমের হাতে দেয়। Messenger-এ সে বাটনও দেখায়, তবে গ্রাহক সবসময় নিজের মতো লিখেই কথা বলতে পারেন।

কোন ধরনের ব্যবসার জন্য?

যারা প্রোডাক্ট বিক্রি করেন, সার্ভিস দেন, বা দুটোই। সেটআপের সময় আপনি বলে দেন কোনটা, আর AI সেই অনুযায়ী নিয়ম পায়। শপ পায় প্রোডাক্ট লিস্ট, অর্ডারের স্ক্রিন, কুরিয়ার বুকিং আর অফার। সার্ভিস ব্যবসা — কোচিং, ক্লিনিক, সেলুন, ট্রাভেল এজেন্সি — পায় বুকিংয়ের অনুরোধ, যা টিম এক ট্যাপে নিশ্চিত করে। শুরু করতে একটা Facebook পেজ লাগে।

আমার ওয়েবসাইট নেই, শুধু Facebook-এ বিক্রি করি। চলবে?

চলবে। ওয়েবসাইট লাগে না; লাগে একটা Facebook পেজ, যার অ্যাডমিন আপনি। প্রোডাক্ট লিস্ট একটা CSV ফাইলে আপলোড করবেন, অথবা একটা একটা করে যোগ করবেন — ফোনে তোলা ছবি দিয়েই। AI সেই লিস্ট থেকে প্রোডাক্ট দেখায় আর প্রশ্নের উত্তর দেয়।

অর্ডারগুলো থাকে AiPraktor-এর নিজের অর্ডার খাতায়, Orders স্ক্রিনে। AI নিজেই তার নেওয়া প্রতিটি অর্ডার সেখানে তোলে, Pending অবস্থায় — আপনার টিম প্যাক করে পাঠায়; ফোনে বা দোকানে আসা অর্ডার সেখানে আপনার টিম নিজে তোলে।

একসাথে অনেক গ্রাহক মেসেজ দিলে সামলাতে পারে?

প্রতিটি গ্রাহকের মেসেজ আলাদাভাবে সামলানো হয়, একসাথে অনেকগুলো; Messenger বা Instagram-এ AiPraktor নিজে কোনো সীমা বা সারি রাখেনি — তবে একই মুহূর্তে শত শত গ্রাহক লিখলে কী হয়, তা আমরা এখনো মেপে দেখিনি। WhatsApp-এ একটা নম্বর থেকে মেসেজ যায় কয়েক সেকেন্ড পরপর, তাই খুব ভিড়ের সময় উত্তর নিজের পালার জন্য অপেক্ষা করে। ওয়েবসাইটের চ্যাটে একজন ভিজিটর দিনে নির্দিষ্ট সংখ্যক উত্তর AI-এর কাছ থেকে পান; এরপর চ্যাটটা টিমের কাছে যায়।

গ্রাহককে কি জানানো হয় যে তিনি AI-এর সাথে কথা বলছেন?

Messenger, Instagram আর WhatsApp-এ না: এজেন্ট কথা বলে আপনার টিমের একজন হিসেবে — “আমরা” বলে — আর তার নিয়ম হলো নিজেকে AI বা বট না বলা, গ্রাহক জিজ্ঞেস করলেও। আপনার ওয়েবসাইটের চ্যাট উইন্ডোতে লেখা থাকে যে এটি AI সহকারী।

রাতে বা ছুটির দিনে, কেউ না থাকলেও চলে?

চলে, যতক্ষণ আপনার অ্যাকাউন্টে AI ক্রেডিট আছে। AI যেকোনো সময়ে, যেকোনো দিনে উত্তর দেয় — আপনার খোলা থাকার সময়ের বাইরেও। কোনো চ্যাটে মানুষ দরকার হলে সেটা টিমের হাতে যায়, আর AI ওই চ্যাটে উত্তর দেওয়া থামায়; কেউ না নিলে নির্দিষ্ট সময় পরে (নতুন পেজে ৬ ঘণ্টা, আপনি বদলাতে পারেন) চ্যাটটা নিজে থেকেই AI-এর কাছে ফিরে আসে। টিমের কেউ কখন উত্তর দেবেন, সে কথা গ্রাহককে না দিতে AI-কে বলা আছে।

কোথায় কোথায় উত্তর দেয়

কোন কোন জায়গায় উত্তর দেয়?

পাঁচ জায়গায়: Facebook Messenger (আপনার পেজের ইনবক্স), Instagram-এর ডাইরেক্ট মেসেজ, WhatsApp (আপনার নিজের নম্বর), আপনার Facebook পেজের পোস্টের কমেন্ট, আর আপনার নিজের ওয়েবসাইটের চ্যাট। শুরু করতে একটা Facebook পেজ লাগে। WhatsApp আপনার ব্যবসার জন্য চালু করে দেয় আমাদের টিম; বাকিগুলো আপনি নিজেই চালু করেন। Instagram পোস্টের কমেন্টের উত্তর দেওয়া হয় না।

Facebook পোস্টের কমেন্টের উত্তর দেয়?

দেয়। কমেন্টের নিচে সে গ্রাহকের নাম ধরে একটা উত্তর লেখে — কমেন্টটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে হলে তার ছবিসহ — আর গ্রাহকের ইনবক্সে একটা মেসেজ পাঠায়। সবার সামনে লেখা উত্তরে আপনার ঠিকানা, ফোন নম্বর বা গ্রাহকের কোনো তথ্য না দিতে AI-কে নির্দেশ দেওয়া আছে। সে মুছে ফেলে শুধু সেই কমেন্ট, যেটাকে সে স্প্যাম বা গালাগালি বলে বিচার করে। Instagram পোস্টের কমেন্টের উত্তর দেওয়া হয় না।

Instagram-এ কীভাবে কাজ করে?

একই এজেন্ট Instagram-এর ডাইরেক্ট মেসেজের উত্তর দেয়, একই প্রোডাক্ট লিস্ট আর নির্দেশনা দিয়ে। এর জন্য আপনার Instagram হতে হবে Business বা Creator অ্যাকাউন্ট, আর আপনার Facebook পেজের সাথে যুক্ত; পেজ যুক্ত করলে Instagram-ও সাথে চলে আসে। Instagram অ্যাপে “Allow access to messages” চালু রাখতে হয়। Facebook পেজ ছাড়া শুধু Instagram অ্যাকাউন্ট যুক্ত করা যায় না। Instagram-এ রসিদের কার্ড, রেটিং কার্ড আর ফলো-আপ রিমাইন্ডার নেই; অর্ডার বা বুকিংয়ের আপডেট যায় শুধু গ্রাহকের শেষ মেসেজের ২৪ ঘণ্টার ভেতরে।

WhatsApp-এর জন্য কি নতুন নম্বর বা Business API লাগে?

না। আপনার এখনকার নম্বরটাই যুক্ত হয় লিংকড ডিভাইস হিসেবে, WhatsApp Web-এর মতো — আমাদের স্ক্রিনে দেখানো QR কোড স্ক্যান করে। আপনার ফোন আগের মতোই চলে: কল আসে, আপনি নিজেও উত্তর দিতে পারেন। ফোনটাকে অন্তত ১৪ দিনে একবার ইন্টারনেটে যুক্ত থাকতে হয়, না হলে কোডটা আবার স্ক্যান করতে হয়।

WhatsApp একটি পেইড এক্সট্রা; আপনি চাইলে আমাদের টিম চালু করে দেয়। এরপর, নম্বর যুক্ত করার আগে, আপনাকে ঝুঁকির একটা লিখিত নোটিশ পড়ে সম্মতি দিতে হয়।

আমার পেজ বা নম্বর ব্যান হওয়ার ঝুঁকি আছে?

Facebook পেজ আর Instagram চলে Meta-র অফিসিয়াল ব্যবস্থায়, আপনার দেওয়া অনুমতি নিয়ে, আর AI Meta-র মেসেজিং নিয়ম মেনে চলে — ২৪ ঘণ্টার নিয়মসহ।

WhatsApp আলাদা। সেটা যুক্ত হয় একটা তৃতীয় পক্ষের সেবার মাধ্যমে, লিংকড ডিভাইস হিসেবে; এটা WhatsApp-এর অফিসিয়াল Business API নয়। WhatsApp-এর নিয়মে এ ধরনের স্বয়ংক্রিয় মেসেজ অনুমোদিত নয়, তাই নম্বর সাময়িক বা স্থায়ীভাবে ব্যান হতে পারে, আর ব্যান হলে সেই নম্বর ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই। ঝুঁকি কম রাখতে AiPraktor WhatsApp-এ শুধু তাঁদেরই লেখে যাঁরা আগে আপনাকে মেসেজ করেছেন — তাঁদের উত্তর দেয়, আর তাঁদের নিজের অর্ডার বা বুকিংয়ের আপডেট পাঠায় — আর সেখানে ব্রডকাস্ট বা ফলো-আপ রিমাইন্ডার পাঠায় না। সব কথোপকথন আমাদের কাছে জমা থাকে, তাই নম্বর ব্যান হলেও গ্রাহকদের চ্যাটের রেকর্ড মুছে যায় না।

Messenger-এ যা পারে, WhatsApp-এ তার কী কী পারে না?

WhatsApp-এ বাটন, প্রোডাক্ট কার্ড, ক্যারোসেল, রসিদের কার্ড আর রেটিং কার্ড নেই। তার বদলে পছন্দের তালিকা যায় নম্বর দিয়ে লেখা লিস্ট হিসেবে, প্রতিটি প্রোডাক্ট যায় ছবি হিসেবে — নাম, দাম আর কোড ক্যাপশনে — আর রসিদ আর রেটিংয়ের প্রশ্ন যায় সাধারণ লেখায়। WhatsApp-এ ব্রডকাস্ট আর ফলো-আপ রিমাইন্ডার পাঠানো হয় না।

আমার নিজের ওয়েবসাইটে এই চ্যাট বসানো যায়?

যায়, আর আপনি নিজেই বসাতে পারেন: ড্যাশবোর্ডের Website chat-এ আপনার ওয়েবসাইটের ঠিকানা লিখুন, তারপর এক লাইন কোড সাইটে বসিয়ে দিন (সাইট https হতে হবে)। ভিজিটর একটা গোল বাটন দেখেন; নাম আর মোবাইল নম্বর দিয়ে আপনার রং আর লোগোর একটা চ্যাট উইন্ডোতে কথা বলেন, ছবি বা ভয়েস নোটও পাঠাতে পারেন। চাইলে ভয়েস কলে মুখে কথা বলেন, আর একই এজেন্ট মুখে উত্তর দেয়। আপনার টিম যেকোনো সময় চ্যাটটা নিজের হাতে নিতে পারে।

এটা চালু হয় আপনি “লাইভ করুন” (Go live) চাপার পর — যার জন্য Facebook পেজ যুক্ত থাকতে হয় — আর খরচ হয় আপনার AI ক্রেডিট থেকেই। ওয়েবসাইটের চ্যাটে প্রোডাক্ট কার্ড আঁকা হয় না: প্রোডাক্টের কথা লেখায় বলা হয়, আর ছবি দেখা যায় অ্যাসিস্ট্যান্ট ছবি পাঠালে।

আমার দুটো পেজ বা দুটো ব্যবসা। এক অ্যাকাউন্টে হবে?

না। এক অ্যাকাউন্ট মানে এক ব্যবসা: একটা Facebook পেজ (আর তার সাথে যুক্ত Instagram), একটা WhatsApp নম্বর আর একটা ওয়েবসাইটের চ্যাট। দ্বিতীয় পেজ বা দ্বিতীয় ব্যবসার জন্য আলাদা অ্যাকাউন্ট লাগে — নিজের লগইন, নিজের নির্দেশনা আর নিজের AI ক্রেডিট নিয়ে। একটা Facebook পেজ একটাই অ্যাকাউন্টে থাকতে পারে।

Facebook গ্রুপ, TikTok, Telegram বা Daraz-এ কাজ করে?

না। সে উত্তর দেয় শুধু Messenger, Instagram-এর ডাইরেক্ট মেসেজ, WhatsApp-এর একজনের সাথে একজনের চ্যাট, আপনার Facebook পেজের পোস্টের কমেন্ট আর আপনার ওয়েবসাইটের চ্যাটে। Facebook গ্রুপ, WhatsApp গ্রুপ, TikTok, Telegram, Daraz আর ইমেইল যুক্ত নেই।

গ্রাহক ছবি বা ভয়েস নোট পাঠালে বোঝে?

বোঝে। ভয়েস নোট লেখায় রূপান্তর করে উত্তর দেয়, বাংলা বা ইংরেজিতে — Messenger, WhatsApp আর ওয়েবসাইটের চ্যাটে। ছবি পড়ে দেখে, আর শপ হলে আপনার প্রোডাক্ট লিস্টের সাথে মিলিয়ে দেখে: এটা Messenger-এ চালিয়ে দেখা হয়েছে, আর WhatsApp ও ওয়েবসাইটের চ্যাটের জন্য একইভাবে তৈরি। ভয়েস নোটের প্রতিটি শব্দ সবসময় ঠিক শোনা যায় না — মুখে বলা ফোন নম্বর বা ঠিকানায় ভুল হতে পারে। গ্রাহকের পাঠানো ভিডিও বা ডকুমেন্ট সে পড়ে না।

যিনি কখনো মেসেজ দেননি, তাঁকে আগে মেসেজ পাঠানো যায়?

না। AiPraktor শুধু তাঁদেরই মেসেজ পাঠায় যাঁরা আগে আপনার পেজে লিখেছেন, অথবা আপনার পোস্টে কমেন্ট করেছেন। নতুন নম্বরে বা কোনো কন্টাক্ট লিস্টে মেসেজ শুরু করার ব্যবস্থা নেই। একসাথে অনেককে একই মেসেজ পাঠানোর একটাই উপায় ব্রডকাস্ট — আমাদের টিম চালু করে দিলে — আর তা যায় শুধু তাঁদের কাছে, যাঁরা গত ২৩ ঘণ্টায় আপনার পেজে লিখেছেন। লিডের কার্ড থেকে আপনার টিম নিজের WhatsApp খুলে গ্রাহককে লিখতে পারে — সেটা পাঠান মানুষটি নিজে, নিজের ফোন থেকে।

কীভাবে কথা বলে, কীভাবে শেখে

কোন ভাষায় উত্তর দেয়?

বাংলা আর ইংরেজিতে। সেটআপে আপনি চ্যাটের উত্তরের ভাষা বেছে নেন: বাংলা, ইংরেজি, নাকি দুটোই। “দুটোই” বেছে নিলে গ্রাহকের প্রথম মেসেজ যে ভাষায়, কথোপকথন সেই ভাষায় চলে: বাংলায় শুরু হওয়া চ্যাটে পরে ইংরেজিতে লিখলেও উত্তর বাংলাতেই যায়, যদি না গ্রাহক ইংরেজি চান। বাংলা বা “দুটোই” বেছে নিলে ইংরেজি অক্ষরে লেখা বাংলাও (যেমন ‘ki ki ache?’) AI বোঝে, আর তার নিয়ম হলো বাংলা হরফে উত্তর দেওয়া। কমেন্টের উত্তর, কমেন্টের পর পাঠানো মেসেজ আর রিমাইন্ডার যায় গ্রাহকের নিজের ভাষায় — আপনি যা-ই বেছে নিন। মাঝে মাঝে ইংরেজি প্রশ্নের উত্তরও বাংলায় চলে যায়।

গ্রাহককে স্যার না ম্যাম বলবে, কীভাবে ঠিক করে?

বাংলায় সে গ্রাহককে স্যার বা ম্যাম বলে সম্বোধন করে। ঠিক করে যা জানা আছে তা থেকে: Facebook জানালে সেখান থেকে, না হলে গ্রাহকের নাম থেকে — বাংলাদেশি নামের একটা তালিকা মিলিয়ে, অথবা চ্যাটে গ্রাহক নিজে যে নাম দেন তা থেকে। কিছুই জানা না থাকলে স্যার বলে। অচেনা নামে ভুল হতে পারে।

কথার ধরন আমি ঠিক করতে পারি?

পারেন। সেটআপে কথার ধরন আর প্রথম মেসেজ লিখে দেন; পরে Agent Desk-এ “Your voice” নির্দেশনায় ঠিক করেন সে কতটা আনুষ্ঠানিক বা বন্ধুসুলভ হবে, কোন ইমোজি ব্যবহার করবে আর কী কখনো বলবে না। কিছু নিয়ম প্ল্যাটফর্মের নিজের, সেগুলো আপনি সম্পাদনা করতে পারেন না: উত্তর ছোট, সাধারণ লেখায়, অল্প কয়েকটা ইমোজি।

দাম বা ডিসকাউন্ট নিজে থেকে বানিয়ে বলবে না তো?

তার নিয়ম হলো দাম, ডিসকাউন্ট, স্টক, ডেলিভারির তারিখ বা কোনো নীতি কখনো বানিয়ে না বলা। প্রোডাক্টের দাম আসে আপনার নিজের প্রোডাক্ট লিস্ট থেকে, আর ডেলিভারি চার্জ ও অন্য নিয়ম আসে আপনি যা লিখে দিয়েছেন তা থেকে। নিজে থেকে সে ডিসকাউন্ট দেয় না, দেওয়ার কথাও দেয় না; বলে শুধু আপনার তালিকায় রাখা অফারের কথা। কোনো প্রোডাক্টের দাম সিস্টেমে না থাকলে চ্যাটটা আপনার টিমের হাতে দেয়।

তবু উত্তর লেখে একটা ভাষা মডেল, আর তার ভুল হতে পারে — তাই গুরুত্বপূর্ণ বিষয়ে একজন মানুষের নজর রাখা ভালো।

উত্তর জানা না থাকলে কী করে?

যেটুকু জানে তার উত্তর দেয়, যেটুকু লেখা নেই তা সোজাসুজি বলে যে তথ্যটা দেওয়া নেই, আর সেটুকু টিমের কাছ থেকে জেনে দেওয়ার প্রস্তাব দেয় — আন্দাজে কিছু বলে না। পুরো বিষয়টাই যখন মানুষের দরকার — অভিযোগ, টাকা ফেরত, রাগান্বিত গ্রাহক, বা গ্রাহক নিজে মানুষ চাইলে — তখন চ্যাট টিমের হাতে দেয়, কারণ লিখে রাখে আর টিমকে জানায়।

নিজের নিয়ম শেখানো যায়? কে শেখাতে পারে?

যায়, আর সেটা আপনি নিজেই করেন, ব্যবসার নিজের লগইন থেকে (টিমমেটরা পারেন না)। খোলা থাকার সময়, ঠিকানা, ফোন, ডেলিভারি চার্জ আর রিটার্নের নিয়ম লেখেন ব্যবসার তথ্যে; অন্য যেকোনো নিয়ম লেখেন Agent Desk-এ — নিজে লিখে, অথবা সহায়ককে সাধারণ ভাষায় বলে, যেমন “শুক্রবার আমরা বন্ধ থাকি”। শপের চলতি অফারগুলো রাখেন Special offers তালিকায়। প্ল্যাটফর্মের নিজস্ব নিয়ম কোনো ব্যবসা সম্পাদনা করতে পারে না — যেমন অর্ডার বাতিল করার বা তার অবস্থা বদলানোর কোনো উপায় AI-এর হাতে নেই, আর নিজে থেকে ডিসকাউন্ট না দেওয়া তার নিয়ম।

কোনো পরিবর্তন গ্রাহক দেখার আগে পরীক্ষা করা যায়? ফিরিয়ে নেওয়া যায়?

যায়। Agent Desk-এ নির্দেশনার পরিবর্তন প্রথমে খসড়া থাকে: আপনি টেস্ট মেসেজ পাঠান, আর উত্তরটা দেখেন গ্রাহকের ফোনে যেমন দেখাবে — গ্রাহকরা তখনো আগের সংস্করণই পান। আপনি প্রকাশ করলে তবেই চালু হয়, আর Undo চাপলে আগের সংস্করণ ফিরে আসে (খোলা খসড়া থাকলে আগে সেটা প্রকাশ বা বাতিল করতে হয়)। ব্যতিক্রম: ব্যবসার নাম আর খোলা থাকার সময় সেভ করামাত্র চালু হয়। সেটআপের ফর্মে লেখা তথ্যও তা-ই — যতক্ষণ না ওই নির্দেশনা আপনি Agent Desk-এ বদলেছেন; এরপর ফর্মে বদলালে তা সেভ হয়, কিন্তু AI-এর কাছে পৌঁছায় না, বদলাতে হয় Agent Desk-এ। প্রতিটি টেস্টে AI ক্রেডিট খরচ হয়।

কয়েক দিন পর ফিরে আসা গ্রাহককে মনে রাখে?

রাখে। গ্রাহকের মেসেজ, ছবি, ভয়েস নোট, কমেন্ট আর টিমের উত্তর রেকর্ডে থাকে (একটা ব্যতিক্রম: AI থেমে থাকা অবস্থায় আসা ভয়েস নোট সেভ হয় না), আর প্রতিটি নতুন মেসেজে AI সেই গ্রাহকের সাম্প্রতিক রেকর্ডটা পড়ে নেয় — মাঝে যত দিনই যাক। সে পড়ে সবচেয়ে সাম্প্রতিক অংশটুকু, পুরো ইতিহাস নয়। স্মৃতি চ্যানেল অনুযায়ী আলাদা: একই মানুষ Messenger আর WhatsApp-এ তার কাছে দুজন আলাদা গ্রাহক।

Messenger-এ লেখা ছাড়া আর কী কী পাঠাতে পারে?

প্রোডাক্টের ছবি; প্রোডাক্ট কার্ড (ছবি, নাম, দাম, কোড আর বাটনসহ); কয়েকটা কার্ডের ক্যারোসেল; বেছে নেওয়ার বাটন। AI অর্ডার নেওয়ার পর: অর্ডারের রেকর্ড থেকে তৈরি রসিদ, আর ১ থেকে ৫ স্টারের রেটিং কার্ড। কুরিয়ার যুক্ত থাকলে আর অর্ডারটা গ্রাহকের চ্যাটের সাথে যুক্ত থাকলে: ট্র্যাক বাটনসহ কুরিয়ারের আপডেট। কার্ড AI নিজে লেখে না — সে শুধু প্রোডাক্টের কোড বলে, আর সিস্টেম আপনার প্রোডাক্ট লিস্ট থেকে কার্ডটা বানায়। গ্রাহক চাইলে প্রোডাক্টের আরও ছবি পাঠায়, আর ভিডিওর লিংক, যদি আপনি যোগ করে থাকেন।

গ্রাহক কি “Seen” আর “typing…” দেখেন?

Messenger-এ গ্রাহকের লেখা মেসেজের কয়েক সেকেন্ড পর “Seen” পাঠানো হয় (ছবি বা ভয়েস নোটের বেলায় আরও পরে), তারপর typing। WhatsApp-এ দেখা যায় পড়ার টিক আর “typing…”, আর ওয়েবসাইটের চ্যাটে typing-এর ফোঁটা। একটা সীমাবদ্ধতা: Messenger-এর Android অ্যাপ typing-এর বাবলটা দেখায় না, কম্পিউটারে দেখায়; সব ফোনে আমরা মিলিয়ে দেখিনি।

কত দ্রুত উত্তর দেয়?

সাধারণত এক মিনিটের মধ্যে। মেপে দেখা (২৯ সেপ্টেম্বর ২০২৬): ১৪ দিনের ৫২৯টি প্রথম উত্তরের মাঝেরটি গেছে ২৭ সেকেন্ডে, আর প্রায় সবগুলো এক মিনিটের মধ্যে। এর কিছুটা ইচ্ছাকৃত অপেক্ষা: গ্রাহক পরপর দুটো মেসেজ লিখলে যেন একটাই গোছানো উত্তর পান, সে জন্য সিস্টেম প্রায় ১৫ সেকেন্ড অপেক্ষা করে (ওয়েবসাইটের চ্যাটে ৩ সেকেন্ড)। ওয়েবসাইটের চ্যাটে উত্তর আসে আরও দ্রুত।

প্রোডাক্ট ও ক্যাটালগ

AI আমার প্রোডাক্ট জানবে কীভাবে?

তিনভাবে। WooCommerce ওয়েবসাইট থাকলে স্টোরের ঠিকানা আর দুটো key দিয়ে যুক্ত করেন, “Sync now” চাপেন, প্রিভিউ দেখে অনুমোদন দেন। ওয়েবসাইট না থাকলে প্রোডাক্ট লিস্ট আপলোড করেন একটা CSV ফাইলে — আমাদের টেমপ্লেটের কলাম অনুযায়ী: কোড, নাম, বিবরণ, দাম, আর ছবির ওয়েব লিংক (ফোনে তোলা ছবি পরে প্রোডাক্টে যোগ করা যায়)। অথবা, প্রোডাক্ট WooCommerce থেকে না এলে, “Add product” দিয়ে একটা একটা করে যোগ করেন, ফোনে তোলা ছবি দিয়ে।

Excel ফাইল সরাসরি নেওয়া হয় না; আগে CSV হিসেবে সেভ করে নিতে হয়। Google Sheet, Shopify বা Facebook পোস্ট থেকে প্রোডাক্ট টেনে আনার ব্যবস্থা নেই।

কতগুলো প্রোডাক্ট রাখা যায়?

প্রোডাক্টের সংখ্যায় কোনো সীমা রাখা হয়নি। প্রায় ৫,৯০০ প্রোডাক্টের একটা ক্যাটালগ চালানো হয়েছে; প্রথমবার সেটা লোড করেছিল আমাদের টিম। প্রোডাক্ট প্রস্তুত করতে — যাতে ছবি দেখে চেনা যায় — আপনার AI ক্রেডিট খরচ হয়; পাঁচটার বেশি হলে আগে পাঁচটা করা হয়, আর বাকিগুলোর আগে খরচটা দেখানো হয়।

গ্রাহক ছবি বা স্ক্রিনশট পাঠালে প্রোডাক্ট চেনে কীভাবে?

তিন ধাপে, আপনার নিজের ক্যাটালগের সাথে মিলিয়ে: ছবিতে প্রোডাক্টের কোড লেখা আছে কি না; ছবিটা আপনার কোনো প্রোডাক্টের ছবির প্রায় হুবহু কপি কি না; আর দেখতে আপনার কোন প্রোডাক্টের মতো। যেকোনো একটা জোরালোভাবে মিললে তবেই সে প্রোডাক্টের নাম বলে। নিশ্চিত না হলে কাছাকাছি সর্বোচ্চ তিনটা দেখিয়ে জিজ্ঞেস করে, কোনটা — Messenger-এ কার্ড হিসেবে, WhatsApp-এ ছবি হিসেবে; ওয়েবসাইটের চ্যাটে প্রোডাক্ট কার্ড দেখানো হয় না। আর ছবির জিনিসটা আপনার না হলে সোজাসুজি তা-ই বলে, আর আপনার কাছাকাছি প্রোডাক্ট দেখায়।

যে প্রোডাক্টের ছবি দেওয়া নেই বা যেটা এখনো প্রস্তুত করা হয়নি, সেটা ছবি দেখে চেনা যায় না। চেনার হার নিয়ে কোনো সংখ্যা আমরা বলি না।

সাইজ, রং, মাপ আর স্টক জানে?

সে উত্তর দেয় আপনার নিজের প্রোডাক্টের তথ্য থেকে: নাম, বিবরণ, দাম, আছে কি নেই। WooCommerce-এর প্রোডাক্টে সাইজ আর রং আলাদা করে আসে, প্রতিটির নিজের দামসহ। আপলোড করা ক্যাটালগে সাইজ আর রং লিখতে হয় বিবরণে, অথবা আলাদা সারিতে।

স্টক সে জানে “আছে” বা “নেই” হিসেবে; কয়টা বাকি, সেই সংখ্যা সে গ্রাহককে বলে না। মাপ জানে কেবল লেখা থাকলে; যা লেখা নেই তা সে বানায় না।

স্টক গোনা ঐচ্ছিক: Products → Stock, চালু করেন ব্যবসার মালিক। প্রোডাক্টের (বা প্রতিটি সাইজের) কয়টা তাকে আছে তা লিখে দেন; অর্ডার কুরিয়ারে গেলে সংখ্যা কমে, পার্সেল ভালো অবস্থায় ফেরত এলে বাড়ে। চালু থাকলে, গোনা হচ্ছে এমন প্রোডাক্ট শূন্যে নামলে সেটা “নেই” দেখায় — AI-এর কাছে আর প্রোডাক্ট পেজে — আর তার অর্ডার নেওয়া হয় না; আপনার টিমের অর্ডার ফর্ম আটকায় না, শুধু সতর্ক করে। যা গোনেন না, তা আগের মতোই বিক্রি হয়। আপনার ওয়েবসাইটের অর্ডার এই হিসাবে ধরা হয় না।

দাম বদলালে বা নতুন প্রোডাক্ট যোগ করলে AI কখন জানে?

AI পড়ে আপনার ক্যাটালগের যে কপি আমাদের কাছে থাকে, সেটা; তাই সেই কপি বদলালে সে জানে। WooCommerce হলে দাম বদলান স্টোরে, তারপর “Sync now” চেপে অনুমোদন দেন। স্টোরের প্রোডাক্ট webhook যুক্ত করলে পরিবর্তন নিজে থেকে আসার ব্যবস্থা তৈরি আছে, পরীক্ষাও করা হয়েছে; তবে আসল কোনো স্টোর থেকে এখনো চলতে দেখা হয়নি। আপলোড করা ক্যাটালগে দাম বদলান Products → Catalog-এ; পরের প্রশ্ন থেকেই AI নতুন দাম বলে। নির্দিষ্ট সময় পরপর নিজে থেকে সিঙ্ক হওয়ার ব্যবস্থা নেই।

নিজে থেকে প্রোডাক্ট সাজেস্ট করে?

করে, নির্দিষ্ট কিছু মুহূর্তে। গ্রাহক কী চান তা না বললে আগে জেনে নেয় কোন ধরনের, তারপর আপনার ক্যাটালগ থেকে সর্বোচ্চ দশটা প্রোডাক্ট দেখায়। ছবির জিনিসটা আপনার না হলে সে তা-ই বলে, আর আপনার কাছাকাছি প্রোডাক্ট দেখায়। খুঁজে কিছু না পেলে সোজাসুজি বলে যে জিনিসটা আপনার কাছে নেই, আপনি কোন কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন তা জানায়, আর জিজ্ঞেস করে কোনটা দেখতে চান। প্রোডাক্ট দেখানো হয় Messenger-এ কার্ড হিসেবে, WhatsApp-এ ছবি হিসেবে; ওয়েবসাইটের চ্যাটে প্রোডাক্ট কার্ড দেখানো হয় না। আর অর্ডার হওয়ার আগে একবার আপনার লেখা বাড়তি অফারের কথা বলে। গ্রাহক একটা প্রোডাক্ট বেছে নেওয়ার পর সে আর বিকল্প ঠেলে দেয় না।

অফার বা ডিসকাউন্ট কীভাবে কাজ করে? দরদাম করে?

তার নিয়ম হলো নিজে থেকে ডিসকাউন্ট না দেওয়া, দাম না বদলানো, দরদাম না করা। ডিসকাউন্ট চাইলে সে আপনার লিখে দেওয়া উত্তরটা দেয়, অথবা ভদ্রভাবে বলে যে দাম নির্ধারিত।

আপনি নিজে যে অফার ঠিক করেন, সেগুলো সে জানায়: Special offers তালিকা (কোন প্রোডাক্ট, কত দিন, কী নামে), আর ব্রডকাস্ট বা রিমাইন্ডারে পাঠানো অফার, যতক্ষণ তার মেয়াদ আছে — ব্রডকাস্ট আর রিমাইন্ডার আমাদের টিম ব্যবসার জন্য চালু করে দেয়। তালিকাটা দাম ঠিক করে না — প্রোডাক্টের দাম আসে ক্যাটালগ থেকে।

Shopify বা Daraz স্টোরের সাথে কাজ করে?

না। AiPraktor শুধু WooCommerce স্টোরের সাথে যুক্ত হয়। অন্য কোনো সিস্টেমে দোকান থাকলেও AiPraktor ব্যবহার করতে পারেন — প্রোডাক্ট লিস্ট CSV ফাইলে আপলোড করে, আর অর্ডার থাকে আমাদের অর্ডার খাতায়, সব দোকানের মতোই, যেখানে AI তার নেওয়া অর্ডার নিজেই তোলে; তবে ওই সিস্টেম থেকে কিছু পড়া বা সেখানে কিছু পাঠানো হয় না।

অর্ডার, পেমেন্ট ও ডেলিভারি

AI কি নিজে থেকেই অর্ডার নিতে পারে?

হ্যাঁ — শুরু থেকে শেষ পর্যন্ত। সে এক মেসেজে গ্রাহকের নাম, ফোন নম্বর আর পুরো ঠিকানা চেয়ে নেয়, আর তথ্য পেলে ক্যাশ অন ডেলিভারির অর্ডার তৈরি করে — গ্রাহককে দ্বিতীয়বার নিশ্চিত করতে বলে না। প্রতিটি অর্ডার ওঠে AiPraktor-এর নিজের অর্ডার খাতায়, Orders স্ক্রিনে — আপনার ওয়েবসাইট থাকুক বা না থাকুক — দাম আপনার প্রোডাক্ট লিস্ট থেকে, ডেলিভারি চার্জ আপনার ঠিক করা চার্জ বা লেখা নিয়ম থেকে, Pending অবস্থায়, যাতে আপনার টিম দেখে অনুমোদন করে, প্যাক করে পাঠাতে পারে। Messenger-এ এরপর সে গ্রাহককে পাঠায় অর্ডারের প্রোডাক্টের কার্ড, রসিদ, অর্ডার নম্বরসহ ধন্যবাদ আর রেটিংয়ের অনুরোধ; WhatsApp-এ এগুলো যায় সাধারণ লেখায়, আর ওয়েবসাইটের চ্যাটে শুধু লেখাটুকু দেখা যায়। আপনার টিম পায় পুরো অর্ডারের একটা অ্যালার্ট।

শুধু বাটনে চাপ দিলে অর্ডার হয় না — গ্রাহকের তথ্য দেওয়াটাই সম্মতি।

অর্ডারগুলো কোথায় দেখব, আর কী কী করা যায়?

ড্যাশবোর্ডের Orders স্ক্রিনে — প্রতিটি ধাপের আলাদা ট্যাব, সংখ্যাসহ; সাথে ফিল্টার, আর নাম, ফোন বা অর্ডার নম্বর দিয়ে খোঁজার ব্যবস্থা। আমাদের অর্ডার খাতার অর্ডার আপনার টিম অনুমোদন করতে, হোল্ডে রাখতে, এক ধাপ থেকে পরের ধাপে নিতে, সম্পাদনা করতে, কোনো টিমমেটকে দায়িত্ব দিতে, শুধু টিমের জন্য নোট লিখতে, পেমেন্ট লিখে রাখতে, কারণসহ বাতিল করতে আর কুরিয়ারে পাঠাতে পারে — একটা একটা করে, অথবা কয়েকটা একসাথে; প্রতিটি পরিবর্তনের ইতিহাস থেকে যায়। ইনভয়েস প্রিন্ট করা যায়, আর অর্ডারগুলো CSV ফাইলে ডাউনলোড করা যায় (ব্যবসার নিজের লগইন থেকে)।

অর্ডার কখনো মুছে ফেলা যায় না। AI-এর নেওয়া প্রতিটি অর্ডার এখানে আসে Pending অবস্থায়, আর তার ইতিহাসে লেখা থাকে যে অর্ডারটা AI নিয়েছে। আপনার নিজের WooCommerce ওয়েবসাইটে করা অর্ডার এখানে দেখা যায় একটা কপি হিসেবে — স্টোরের webhook-এ আমাদের ঠিকানা যোগ করার পর (ধাপগুলো Setup-এ দেখানো আছে): এখান থেকে সেটা কুরিয়ারে পাঠানো যায়, তবে অর্ডারটা বদলাতে হয় স্টোরে।

অর্ডার কোন কোন ধাপ পার হয়?

এই ক্রমে: Pending → On Hold → Approved → Processing → Ready to Ship → In-Transit → Delivered; আর সমস্যা হলে Flagged বা Cancelled।

Pending — নতুন অর্ডার, এখনো কেউ দেখেনি। On Hold — কারণসহ অপেক্ষায় রাখা অর্ডার। Approved — আপনার টিম অর্ডারটা গ্রহণ করেছে। Processing — প্রস্তুত হচ্ছে (এই ধাপটা বাদ দেওয়া যায়)। Ready to Ship — প্যাক করা হয়েছে। In-Transit — কুরিয়ারের কাছে, বা আপনার নিজের ডেলিভারির লোকের কাছে। Delivered-এর ভেতরে দুটো ভাগ: Payment Due আর Payment Collected; গ্রাহক পার্সেলের একটা অংশ নিলে থাকে Partial Delivered চিহ্ন। Flagged-এ থাকে যে পার্সেল ঠিকমতো শেষ হয়নি: Pending Returned (কুরিয়ার ফেরত আনছে), Returned (ফেরত পেয়েছেন) আর Damaged। Cancelled অর্ডারগুলো কারণ অনুযায়ী ভাগ করা থাকে। In-Transit হওয়ার আগ পর্যন্ত অর্ডার বাতিল করা যায়।

এগুলো আপনার টিমের স্ক্রিনের শব্দ। গ্রাহক দেখেন আরও সহজ শব্দ, আর অর্ডার হোল্ডে থাকলে সেটা গ্রাহককে দেখানো হয় না।

অর্ডার অপেক্ষায় রাখা যায়? যেমন প্রি-অর্ডার, বা গ্রাহককে ফোনে পাওয়া যায়নি?

যায়। অর্ডারটা On Hold-এ রাখুন আর কারণ বেছে নিন — গ্রাহককে পাওয়া যায়নি, অগ্রিম পেমেন্টের অপেক্ষা, প্রি-অর্ডার, স্টক নেই, গ্রাহক অপেক্ষা করতে বলেছেন, ঠিকানা মিলিয়ে দেখা দরকার, বা অন্য কিছু — সাথে একটা নোট, আর চাইলে ফলো-আপের দিন। প্রি-অর্ডার এখানেই থাকে, প্রোডাক্ট আসা পর্যন্ত। Pending, Approved বা Processing অবস্থার অর্ডার হোল্ডে রাখা যায়; হোল্ডে থাকা অর্ডার ছেড়ে না দেওয়া পর্যন্ত কুরিয়ারে পাঠানো যায় না।

ফলো-আপের দিনে Orders স্ক্রিন দেখায় কয়টা অর্ডার “to follow up today”, আর এক চাপে সেগুলোর তালিকা খোলে। এর জন্য কারো ফোনে নোটিফিকেশন যায় না — যিনি অর্ডার অনুমোদন করেন, তিনি স্ক্রিনে দেখে নেন। অর্ডার হোল্ডে আছে, এ কথা গ্রাহককে জানানো হয় না।

AI কি চ্যাটে পেমেন্ট নেয়? বিকাশের অগ্রিম হলে?

AI চ্যাটে পেমেন্ট নেয় না — কোনো পেমেন্ট গেটওয়ে নেই, আর কার্ড নম্বর, OTP বা পাসওয়ার্ড চাওয়া তার নিয়মে নিষেধ। গ্রাহক কীভাবে টাকা দেবেন, তা সে জানায় আপনার লেখা কথায়: ক্যাশ অন ডেলিভারি, আপনার বিকাশ বা নগদ নম্বর, অগ্রিম লাগে কি না।

শপে গ্রাহক যা দিয়েছেন, তা অর্ডারে লিখে রাখে আপনার টিম: কোন মাধ্যমে, কত, আর ট্রানজেকশন আইডি — অগ্রিমটুকু তখন ডেলিভারির সময় নেওয়ার টাকা থেকে বাদ যায়। একই ট্রানজেকশন আইডি দুটো অর্ডারে লেখা যায় না; পেমেন্ট কখনো মুছে ফেলা হয় না, শুধু কারণসহ বাতিল করা যায়। পেমেন্টের স্ক্রিনশট অর্ডারে জুড়ে রাখা যায়; গ্রাহক সেটা দেখেন না। AI নিজে পেমেন্ট লিখে রাখে না, মিলিয়েও দেখে না — এটা আপনার টিমের কাজ।

সার্ভিস ব্যবসায় গ্রাহক ট্রানজেকশন আইডি পাঠালে সেটা বুকিংয়ের সাথে রাখা হয়, আর AI বলে যে পেমেন্টটা মিলিয়ে দেখা হচ্ছে। গ্রাহকের কথায় AI কখনো বলে না যে টাকা পাওয়া গেছে।

ডেলিভারি হওয়া কোন অর্ডারের টাকা হাতে পেয়েছি, তার হিসাব রাখব কীভাবে?

Delivered অর্ডারগুলো দুই ভাগে থাকে: Payment Due আর Payment Collected, প্রতিটির সংখ্যাসহ — তাই আপনি, বা যিনি হিসাব রাখেন, দেখতে পান কুরিয়ারের কাছে এখনো কী পাওনা। অর্ডার Payment Collected হয় তিনভাবে: আপনার টিম চিহ্ন দিলে; কুরিয়ার টাকা বুঝিয়ে দেওয়ার খবর পাঠালে; আর পুরো টাকা আগেই অগ্রিম দেওয়া থাকলে নিজে থেকেই। “Mark all as collected” এক চাপে চিহ্ন দেয় সেই সব Payment Due অর্ডারে, যা তখন স্ক্রিনের ফিল্টারে আছে — যেমন একটা কুরিয়ারের, দুই তারিখের মধ্যে; ভুল হলে চিহ্ন তুলে নেওয়া যায়। এটা ব্যবহার করতে পারেন ব্যবসার মালিক আর যে টিমমেট পুরো ব্যবসা দেখেন।

Orders-এর Courier স্ক্রিন প্রতিটি কুরিয়ারের জন্য দেখায়, ডেলিভারি হওয়া যে পার্সেলগুলোর টাকা এখনো Collected চিহ্ন পায়নি, সেগুলোতে মোট কত আছে।

কোন কুরিয়ারের সাথে কাজ করে? পার্সেল কে বুক করে?

Steadfast আর Pathao; RedX আর eCourier নতুন যোগ হয়েছে। অর্ডার কুরিয়ারে পাঠান একজন মানুষ, Orders স্ক্রিন থেকে — একটা অর্ডার, অথবা কয়েকটা একসাথে; AI কখনো পাঠায় না। পাঠালে কুরিয়ারে আসল পার্সেল তৈরি হয়, আর অনুমোদিত অর্ডারটা In-Transit ধাপে চলে যায়। কুরিয়ারকে জানানোর আগে অর্ডারটা মিলিয়ে দেখা হয়, আর কিছু বাদ থাকলে দেখানো হয়। আপনার নিজের ওয়েবসাইটের অর্ডারও এখান থেকে পাঠানো যায়। নিজেরা ডেলিভারি দিলে আপনার টিম কুরিয়ার ছাড়াই অর্ডারটা In-Transit করে দেয়।

কুরিয়ারে আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হয়। Steadfast আর Pathao-র key আপনি Setup-এ একবার সেভ করেন; RedX বা eCourier-এর জন্য আমাদের লিখুন, আমাদের টিম সেভ করে দেবে। খোলাখুলি বলি: Pathao-তে এটা আসল পার্সেলে ব্যবহার হয়েছে; Steadfast-এ তৈরি আছে, আসল পার্সেলে এখনো ব্যবহার হয়নি; RedX আর eCourier তৈরি হয়েছে কুরিয়ারের নিজের নথি দেখে, আসল অ্যাকাউন্টে এখনো ব্যবহার হয়নি — প্রথম পার্সেলগুলো কুরিয়ারের নিজের প্যানেলে মিলিয়ে নিন।

কুরিয়ার পার্সেল নিলে বা ডেলিভারি দিলে অর্ডারটা কি আমাকে নিজে আপডেট করতে হয়?

কুরিয়ারের আপডেট AiPraktor-এ এলে আর লাগে না — কুরিয়ারের প্যানেলে আমাদের দেওয়া ঠিকানা আর টোকেন একবার বসাতে হয়। এরপর কুরিয়ারের নিজের খবরেই অর্ডার এগোয়: পার্সেল তুলে নিলে বা পথে থাকলে In-Transit; ডেলিভারি হলে Delivered; ফেরত আসতে থাকলে Flagged-এর Pending Returned; আংশিক ডেলিভারি হলে Partial Delivered চিহ্ন। কুরিয়ার যখন জানায় যে সে আপনাকে টাকা বুঝিয়ে দিয়েছে, অর্ডারটা নিজে থেকেই Payment Collected হয় (Steadfast এই খবর দেয় না — সেগুলোতে হাতে চিহ্ন দিতে হয়)। প্রতিটি পরিবর্তন অর্ডারের ইতিহাসে কুরিয়ারের নামসহ লেখা থাকে।

যা মানুষের হাতেই থাকে: ফেরত আসা পার্সেল সত্যিই হাতে পৌঁছেছে কি না, তা নিশ্চিত করা (Returned বা Damaged)। আপনার টিমের বাতিল করা অর্ডার কুরিয়ারের খবরে নড়ে না, আর কোনো খবরে অর্ডার পেছনের ধাপে ফেরে না। ওয়েবসাইটের অর্ডারের অবস্থা থাকে আপনার স্টোরের হাতে।

এটা যাচাই করা হয়েছে কুরিয়ারের খবরের মতো সাজানো পরীক্ষামূলক খবর দিয়ে; আসল পার্সেলে এখনো দেখা হয়নি।

গ্রাহক কি ডেলিভারির আপডেট নিজে থেকেই পান?

পান, তবে শুধু সেই অর্ডারে যা গ্রাহকের চ্যাটের সাথে যুক্ত — অর্থাৎ AI-এর নিজের নেওয়া অর্ডার। কুরিয়ারের প্যানেলে আমাদের দেওয়া ঠিকানা আর টোকেন একবার বসাতে হয়। Orders স্ক্রিন থেকে কুরিয়ারে পাঠানো অর্ডার নিজে থেকেই মিলে যায়; কুরিয়ারের নিজের প্যানেলে বুক করা পার্সেলে রেফারেন্সের ঘরে অর্ডার নম্বর দিতে হয়। তখন Messenger-এ গ্রাহককে জানানো হয় পার্সেল কুরিয়ারে দেওয়া হলে, আর — কুরিয়ার সেই ধাপটা জানালে — ডেলিভারির জন্য বের হলে (কত টাকা প্রস্তুত রাখতে হবে তা-সহ); প্রতিটিতে ট্র্যাক করার বাটন থাকে; ডেলিভারিতে সমস্যা হলেও জানানো হয়। Meta-র ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে Messenger-এ আপডেট যায় Meta-র অনুমোদিত টেমপ্লেটে। WhatsApp-এ আপডেট যায় সাধারণ লেখায়, লিংকসহ; ওয়েবসাইটের চ্যাটে যায় না।

যে অর্ডার হাতে লিখে অর্ডার খাতায় তোলা হয়েছে, তার সাথে কোনো চ্যাট যুক্ত থাকে না — তাই সেই অর্ডারের আপডেট গ্রাহকের কাছে যায় না।

গ্রাহক জিজ্ঞেস করলে AI বলতে পারে পার্সেল কোথায়?

পারে, AI-এর নিজের নেওয়া অর্ডারের ক্ষেত্রে: সে অর্ডারটা খুঁজে দেখে বলে সেটা কোন অবস্থায় আছে। কুরিয়ার তার আপডেট AiPraktor-এ পাঠালে সেগুলো সেই গ্রাহকের কথোপকথনে লেখা হয়, আর AI উত্তর দেয় কুরিয়ারের পাঠানো শেষ আপডেট থেকে — কুরিয়ারে দেওয়া হয়েছে, পথে আছে, আজ ডেলিভারির জন্য বের হয়েছে, ডেলিভারি হয়েছে। কুরিয়ারের অবস্থা দেখে সে তারিখ বা সময়ের কথা দেয় না; অর্ডার কনফার্মের সময় সে জানায় পার্সেলটা কোন দিন পৌঁছানোর কথা — আপনার লেখা ডেলিভারির সময় থেকে। অর্ডার খাতায় হাতে তোলা অর্ডারের খবরও সে দিতে পারে, যদি গ্রাহক সেই অর্ডারের ফোন নম্বরটা বলেন।

গ্রাহক চ্যাটে অর্ডার বদলাতে বা বাতিল করতে পারেন?

বদল: অর্ডার যতক্ষণ Pending — অর্থাৎ আপনার টিম অনুমোদন করার আগ পর্যন্ত — AI নাম, ফোন, ঠিকানা, প্রোডাক্ট বা ডেলিভারি চার্জ বদলাতে পারে; দাম আবার হিসাব হয় আপনার প্রোডাক্ট লিস্ট থেকে। এরপর সে গ্রাহকের অনুরোধটা অর্ডারে লিখে রাখে আর আপনার টিমকে জানায়। বাতিল: AI নিজে কখনো অর্ডার বাতিল করে না, অর্ডারের ধাপও বদলায় না। বাতিলের অনুরোধে সে আপনার টিমকে জানায়, কারণ জেনে অর্ডারে লিখে রাখে, আর গ্রাহককে বলে যে অনুরোধটা টিমের কাছে পৌঁছেছে।

আপনার টিমের কেউ অর্ডার বাতিল করলে তালিকা থেকে একটা কারণ বেছে নেন। অর্ডারটা গ্রাহকের চ্যাটের সাথে যুক্ত থাকলে গ্রাহককে তখন সেই চ্যাটেই একবার জানানো হয় যে অর্ডারটা বাতিল হয়েছে — Messenger আর Instagram-এ শুধু চ্যাট খোলা থাকা অবস্থায় (গ্রাহকের শেষ মেসেজের পর ২৪ ঘণ্টা)। কারণ যদি হয় ডুপ্লিকেট, ভুয়া, টেস্ট বা ভুল অর্ডার, তাহলে কিছু পাঠানো হয় না। এই মেসেজ AiPraktor সব ব্যবসার জন্য একভাবে ঠিক করে রাখে; ব্যবসার হাতে এর কোনো সুইচ নেই।

অভিযোগ, রিটার্ন, এক্সচেঞ্জ বা টাকা ফেরতের ক্ষেত্রে কী হয়?

রিটার্ন-এক্সচেঞ্জের নিয়ম আপনি লিখে দিলে AI সেটাই জানায়; না লিখলে প্রশ্নটা আপনার টিমের কাছে পাঠায়। অভিযোগ, রাগান্বিত গ্রাহক বা টাকা ফেরতের দাবিতে সে চ্যাটটা আপনার টিমের হাতে দেয়, কারণ লিখে রাখে, আর একটা অ্যালার্ট তোলে — যা কেউ দেখে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত খোলা থাকে। সে কখনো টাকা ফেরত দেয় না, ফেরতের কথাও দেয় না; সিদ্ধান্ত নেয় আপনার টিম।

পার্সেলের কী হলো, তা আপনার টিম Orders স্ক্রিনে লিখে রাখে। কুরিয়ার যে পার্সেল ফেরত আনছে, সেটা থাকে Flagged-এর Pending Returned-এ — যতক্ষণ না একজন মানুষ নিশ্চিত করেন যে সেটা হাতে এসেছে: ভালো অবস্থায়, নষ্ট, নাকি পাওয়া যায়নি। গ্রাহক পার্সেলের একটা অংশ রাখলে টিম চিহ্ন দেয় কোনগুলো রাখা হয়েছে; অর্ডারটা তখন Delivered হয়, Partial Delivered চিহ্নসহ। এক্সচেঞ্জের জন্য টিম পুরোনো অর্ডারের সাথে যুক্ত একটা নতুন অর্ডার খোলে; দুই অর্ডারের দাম নিজে থেকে কাটাকাটি হয় না — পার্থক্যটা টিম হিসাব করে।

পার্সেল পাঠানোর আগে গ্রাহকের আগের অর্ডারের রেকর্ড দেখা যায়?

যায়। আপনার ব্যবসায় যে ফোন নম্বর থেকে অর্ডার এসেছে, তার প্রতিটির জন্য AiPraktor নিজে থেকেই একটা রেকর্ড রাখে — সব অর্ডার মিলিয়ে: AI-এর নেওয়া, আপনার টিমের তোলা, প্রোডাক্ট পেজের আর ওয়েবসাইটের। অর্ডার থেকে রেকর্ডটা খুললে দেখা যায় নাম, ব্যবহার হওয়া ঠিকানা, আগের সব অর্ডার আর সেগুলোর পরিণতি (ডেলিভারি, ফেরত, বাতিল), সাথে আপনার টিমের নিজের নোট আর ট্যাগ — এগুলো গ্রাহক কখনো দেখেন না। Customers স্ক্রিনে সবার তালিকা থাকে, খোঁজার ব্যবস্থাসহ।

নতুন: ওই ফোন নম্বরে কুরিয়ারের নিজের রেকর্ড — সেই নম্বরে পাঠানো কয়টা পার্সেল গ্রহণ করা হয়েছে, কয়টা ফেরত এসেছে। এই অংশ আসল অ্যাকাউন্টে এখনো প্রমাণিত নয়: এটা দেখা যায় শুধু কুরিয়ার উত্তর দিলে, আর এর জন্য ফোন নম্বরটা কুরিয়ারের কাছে জিজ্ঞেস করা হয়। Steadfast-এর এ জন্য অফিসিয়াল ব্যবস্থা আছে; Pathao-র নেই, তাই তার সংখ্যা না-ও দেখা যেতে পারে।

একই ফোন নম্বরে আরেকটা খোলা অর্ডার থাকলে Orders স্ক্রিনে তা চিহ্নিত থাকে — যাতে একই অর্ডারের দুটো পার্সেল না যায়।

অনেক অর্ডার প্যাক করা আর কুরিয়ারে বুঝিয়ে দেওয়ার জন্য কোনো সুবিধা আছে?

আছে, Orders-এর স্ক্রিনগুলোতে চারটা। পিকিং লিস্ট: প্রস্তুত হতে থাকা অর্ডারগুলো মিলিয়ে প্রোডাক্টের একটাই তালিকা — কোন কোড, কোন সাইজ, কয়টা, কোন কোন অর্ডারের জন্য — যাতে তাক থেকে সব একবারে তুলে আনা যায়। ইনভয়েস একসাথে অনেকগুলো প্রিন্ট হয়, প্রতিটিতে একটা QR কোড থাকে। Scan স্ক্রিনে সেই কোডগুলো স্ক্যান করে (স্ক্যানার দিয়ে, অর্ডার নম্বর টাইপ করে, অথবা ফোনের ক্যামেরায় — ক্যামেরা চলে Chrome ব্রাউজারে, Safari-তে নয়) পুরো তালিকাটা একসাথে এক ধাপ এগিয়ে দেওয়া যায়: Ready to Ship, In-Transit, Delivered, বা ফেরত পাওয়া। আর হ্যান্ডওভার শিট: এক দিনে এক কুরিয়ারে পাঠানো পার্সেলের তালিকা, কুরিয়ারের সংগ্রহ করার মোট টাকা আর সইয়ের দুটো ঘরসহ।

হ্যান্ডওভার শিটে থাকে শুধু সেই পার্সেল, যা AiPraktor থেকে কুরিয়ারে পাঠানো হয়েছে। স্ক্যানার দিয়ে আর টাইপ করে স্ক্যান পরীক্ষিত; ক্যামেরায় স্ক্যান আর কাগজে প্রিন্ট আসল কাজে এখনো যাচাই হয়নি।

অর্ডারের কোনো রিপোর্ট আছে? আর যারা অর্ডার শেষ করেননি, তাদের তালিকা?

আছে, দুটোই Orders-এর ভেতরে। Report আপনার বেছে নেওয়া সময়ের হিসাব দেখায় (না বাছলে শেষ ৩০ দিন): কয়টা অর্ডার আর তার মূল্য; কয়টা ডেলিভারি, বাতিল বা ফেরত হয়েছে — আগের সমান সময়ের সাথে তুলনাসহ; অর্ডার কে নিয়েছে — AI, প্রোডাক্ট পেজ, আপনার ওয়েবসাইট, নাকি কোন টিমমেট; সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট; বাতিল আর হোল্ডের কারণ; প্রতিটি কুরিয়ারের ডেলিভারি, ফেরত আর তার কাছে থাকা টাকা; নতুন আর পুরোনো গ্রাহক। খুব কম অর্ডারের ওপর কোনো হার দেখানো হয় না। রিপোর্ট দেখেন ব্যবসার মালিক আর যে টিমমেট পুরো ব্যবসা দেখেন; এর CSV ডাউনলোড শুধু মালিকের।

“To chase” তালিকায় থাকেন তাঁরা, যাঁরা কিনতে আগ্রহ দেখিয়েছেন কিন্তু অর্ডার করেননি: প্রোডাক্ট পেজে Buy চেপেছেন, তাঁদের নামে একটা খোলা লিড আছে, বা কোনো অফারে আগ্রহ জানিয়েছেন — অথচ এরপর অর্ডার নেই। সেখান থেকেই চ্যাট খোলা যায়, অর্ডার তৈরি করা যায়, বা যোগাযোগ হয়েছে বলে চিহ্ন দেওয়া যায়। তালিকাটা শুধু এই সংকেতগুলো থেকে তৈরি — এর জন্য কোনো AI চ্যাট পড়ে না।

গ্রাহকের কাছে রেটিং বা রিভিউ চায়?

চায়, দুবার আলাদাভাবে। AI নিজে অর্ডার নিলে, অর্ডার কনফার্ম হওয়ার পরই গ্রাহক একটা রেটিংয়ের অনুরোধ পান — Messenger-এ ১ থেকে ৫ স্টার; রেটিং চ্যাটে সেভ থাকে। আর কুরিয়ার “ডেলিভারি হয়েছে” জানানোর এক দিন পর রিভিউয়ের অনুরোধ যায়, আপনার নিজের রিভিউ লিংকের বাটনসহ; এটা আপনি চালু করে লিংক না দেওয়া পর্যন্ত বন্ধ থাকে, আর যায় শুধু সেই অর্ডারে যা গ্রাহকের চ্যাটের সাথে যুক্ত — অর্ডার খাতায় হাতে তোলা অর্ডারে যায় না। রিভিউ লেখা হয় আপনার নিজের পেজে — AiPraktor রিভিউ জমা রাখে না, দেখায়ও না।

এলাকা অনুযায়ী ডেলিভারি চার্জ জানে কীভাবে?

দুই জায়গা থেকে, দুটোই আপনার। এক: দুটো চার্জ — ঢাকার ভেতরে আর ঢাকার বাইরে — যা আপনি একবার লিখে দেন ব্যবসার সেটিংসের Delivery অংশে (সেটআপেও চাওয়া হয়)। এগুলো ব্যবহার হয় তিন জায়গায়: আপনার টিমের অর্ডার ফর্ম ঠিকানা দেখে চার্জ বসিয়ে দেয়, প্রোডাক্ট পেজ এগুলো দেখায়, আর AI-এর নেওয়া অর্ডারে ঠিকানা থেকে এলাকা বোঝা গেলে সেই চার্জ বসে — তবে AI চ্যাটে অন্য অঙ্ক বলে থাকলে সেটাই থাকে, আর অর্ডারের ইতিহাসে পার্থক্যটা লেখা হয়। চার্জ এই দুটোই: কুরিয়ার, ওজন বা শহরতলি অনুযায়ী আলাদা চার্জ নেই; সাভার, কেরানীগঞ্জ আর টঙ্গী ঢাকার বাইরে ধরা হয়। অর্ডার ফর্মে আপনার টিম চাইলে অন্য অঙ্ক লিখতে পারে।

দুই: চ্যাটে ডেলিভারি নিয়ে AI যা বলে, তা আসে আপনার লেখা ডেলিভারির নিয়ম থেকে (সেটআপের “ডেলিভারি চার্জ” ঘর; পরে Setup বা Agent Desk — একবার Agent Desk-এ বদলালে এরপর থেকে সেখানেই বদলান)। তাই দুই জায়গায় একই কথা রাখুন। যা লেখা নেই, তা AI আন্দাজ না করে টিমকে জিজ্ঞেস করে।

ভয়েস নোটে নাম-ঠিকানা বলা যায়?

যায়। ভয়েস নোট লেখায় রূপান্তর হয়, আর AI সেই লেখা টাইপ করা মেসেজের মতোই পড়ে — মুখে বলা নাম, ফোন নম্বর আর ঠিকানাসহ। তবে মুখে বলা ফোন নম্বর বা ঠিকানা ভুল শোনা যেতে পারে, আর রসিদে এগুলো থাকে না — তাই পার্সেল পাঠানোর আগে আপনার টিম অর্ডারের ফোন নম্বর আর ঠিকানা মিলিয়ে নিলে ভালো।

সার্ভিস ব্যবসা ও বুকিং

আমার কোচিং, ক্লিনিক, সেলুন বা ট্রাভেল এজেন্সি — শপ নয়। আমার জন্য কী করে?

সেটআপে “সার্ভিস” বেছে নিলে AI কাজ করে একজন রিসেপশনিস্টের মতো: আপনার সেবা, ফি, ঠিকানা আর সময় নিয়ে প্রশ্নের উত্তর দেয় আপনার লেখা তথ্য থেকে, আপনার নিজের প্রশ্নগুলো একটা একটা করে জিজ্ঞেস করে, আর বুকিংয়ের অনুরোধ লিখে রাখে — সাক্ষাৎ, কল, ভর্তি বা রিজার্ভেশন। আপনার টিম প্রতিটি অনুরোধ এক ট্যাপে নিশ্চিত করে। শপের স্ক্রিনগুলো — প্রোডাক্ট, অর্ডার, কুরিয়ার — তখন লুকানো থাকে।

তার নিয়ম হলো কখনো কোনো ফলাফলের কথা না দেওয়া — ভিসা, আরোগ্য বা ভর্তির নিশ্চয়তা — আর আপনার লেখার বাইরে রোগ নির্ণয় বা পরামর্শ না দেওয়া।

AI কি নিজেই অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেয়?

না — আপনি বুকিং সেটিংসে স্বয়ংক্রিয় কনফার্ম চালু না করলে AI নিজে সময় নিশ্চিত করে না। সে লিখে রাখে একটা বুকিংয়ের অনুরোধ: গ্রাহক কী চান, নাম আর ফোন, কোন সময়টা চেয়েছেন, আর আপনার প্রশ্নগুলোর উত্তর। আপনার টিমের একজন Bookings স্ক্রিনে এক ট্যাপে সেটা নিশ্চিত করেন, অন্য সময় প্রস্তাব করেন, অথবা ফিরিয়ে দেন। তারপর গ্রাহক একই চ্যাটে নিশ্চিতকরণ পান: সেবা, সময়, জায়গা, আর সাথে কী আনতে হবে। (ওয়েবসাইটের চ্যাট থেকে করা অনুরোধের নিশ্চিতকরণ এখনো যায় না; Messenger-এ ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে তা যায় টেমপ্লেটে, যা আমাদের টিম আপনার পেজের জন্য তৈরি করে দেয় — তার আগে যায় না।)

কোনো ক্যালেন্ডার বা ফাঁকা সময় মিলিয়ে দেখার ব্যবস্থা নেই। আপনি নিজে না বদলালে প্রতিটি অনুরোধ একজন মানুষই নিশ্চিত করেন।

বুকিংয়ের জন্য গ্রাহক অগ্রিম দিলে কী হয়?

আপনার বুকিংয়ের নিয়মে অগ্রিম থাকলে AI গ্রাহককে জানায় আপনার বিকাশ বা নগদ নম্বর আর অগ্রিমের অঙ্ক — আপনি যেভাবে ঠিক করেছেন। গ্রাহক ট্রানজেকশন আইডি পাঠালে সেটা বুকিংয়ের সাথে রাখা হয়, আপনার টিম একটা কাজ পায়, আর AI বলে যে পেমেন্টটা মিলিয়ে দেখা হচ্ছে। আপনি নিজের অ্যাপে টাকাটা দেখে “Payment received” চাপেন; তখন গ্রাহককে একই চ্যাটে জানানো হয় (ওয়েবসাইটের চ্যাট থেকে করা বুকিংয়ে এখনো জানানো হয় না)। AiPraktor বিকাশ বা নগদের সাথে যুক্ত নয়, আর কোনো টাকা আমাদের হাত দিয়ে যায় না।

অ্যাপয়েন্টমেন্টের আগে গ্রাহককে মনে করিয়ে দেয়?

দেয়। তারিখ আর সময়সহ নিশ্চিত হওয়া বুকিংয়ে দুটো রিমাইন্ডার যায়: একটা আগের দিন, আরেকটা কয়েক ঘণ্টা আগে — কত ঘণ্টা আগে, তা আপনি ঠিক করেন, আর চাইলে দুটোর যেকোনোটা বন্ধও রাখতে পারেন। প্রতিটিতে সেবা, সময় আর জায়গা লেখা থাকে। Messenger-এ গ্রাহকের শেষ মেসেজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে রিমাইন্ডার যায় Meta-র অনুমোদিত টেমপ্লেটে, যা আপনার পেজের জন্য আমাদের টিম তৈরি করে দেয়; তৈরি না হওয়া পর্যন্ত ২৪ ঘণ্টার পরের রিমাইন্ডার যায় না।

ওয়েবসাইটের চ্যাট থেকে করা বুকিংয়ের নিশ্চিতকরণ আর রিমাইন্ডার এখনো যায় না।

আমার ডকুমেন্ট থেকে খুঁটিনাটি প্রশ্নের উত্তর দিতে পারে?

পারে, নলেজ বেস দিয়ে: আপনার নিজের ডকুমেন্ট — ফি, সিলেবাস, নিয়মকানুন — যা AI প্রশ্ন অনুযায়ী খুঁজে দেখে, আপনার ব্যবসার সব চ্যানেলে। লেখা পেস্ট করতে পারেন, প্রশ্ন-উত্তর জোড়া যোগ করতে পারেন, অথবা .txt, .md বা .csv ফাইল দিতে পারেন। PDF, Word, Excel বা ওয়েবসাইটের লিংক এখনো নেওয়া হয় না। একটা “টেস্ট প্রশ্ন” ঘরে দেখে নিতে পারেন AI কোন অংশগুলো খুঁজে পাবে।

নলেজ বেস সব ব্যবসার জন্য শুরু থেকেই চালু থাকে — আলাদা করে চাইতে হয় না। Agent Desk-এর হেল্পারকে কোনো তথ্য বললে সে-ও সেটা নলেজ বেসে রেখে দেয়। ডকুমেন্ট তোলায় AI ক্রেডিট খরচ হয়। AI সবসময় ঠিক অংশটাই খুঁজে পাবে — এমন নিশ্চয়তা নেই।

একই ব্যবসা কি শপ আর সার্ভিস দুটোই হতে পারে?

পারে। সেটআপের প্রথম ধাপে আপনি বলেন কী বিক্রি করেন — প্রোডাক্ট, সার্ভিস, নাকি দুটোই — আর পরে বদলাতেও পারেন। “পণ্য” দিলে পান শপের দিক: ক্যাটালগ, অর্ডার, কুরিয়ার, অফার। “সেবা” দিলে পান বুকিং, আর শপের স্ক্রিন লুকানো থাকে। “দুটোই” দিলে সব থাকে, আর AI দুই দিকের নিয়মই পায়।

আপনার টিম ও ড্যাশবোর্ড

AI কখন চ্যাট মানুষের হাতে দেয়?

যখন গ্রাহক নিজে মানুষ চান; যখন বিষয়টা মানুষের বিবেচনা চায় বা AI-এর সাধ্যের বাইরে; যখন গ্রাহক রাগান্বিত বা অভিযোগ করছেন; আর বারবার গালাগালি করলে। একটা তথ্য না থাকাটা কারণ নয় — সে যা জানে তার উত্তর দেয়, আর বাকিটা জেনে দেওয়ার প্রস্তাব দেয়।

হাতে দেওয়ার সময় সে একটা নির্দিষ্ট তালিকা থেকে কারণ লিখে রাখে: ডিসকাউন্ট চেয়েছেন, অভিযোগ, টাকা ফেরত, মানুষ চেয়েছেন, জানার বাইরে, রাগান্বিত, কেনার জন্য প্রস্তুত, বা অন্য কিছু। টিমকে জানায়, আর গ্রাহককে বলে যে একজন সহকর্মী বিষয়টা দেখছেন।

গ্রাহক অপেক্ষা করছেন — আমার টিম জানবে কীভাবে?

ফোন বা কম্পিউটারে নোটিফিকেশন আসে — যাঁরা নোটিফিকেশন চালু করেছেন, তাঁদের কাছে। ড্যাশবোর্ডে ইনবক্সের Waiting তালিকায় যিনি সবচেয়ে বেশিক্ষণ অপেক্ষা করছেন তিনি সবার ওপরে থাকেন; আছে Notifications তালিকা, অ্যাপের আইকনে ব্যাজ, আর চাইলে শব্দ — ইনবক্স খোলা থাকা অবস্থায়। Chrome এক্সটেনশন থাকলে কম্পিউটারে ডেস্কটপ নোটিফিকেশনও আসে।

গ্রাহক অপেক্ষা করছেন — এই খবর ইমেইল, SMS বা WhatsApp মেসেজে পাঠানো হয় না। আর AI থেমে থাকলে (ক্রেডিট শেষ, বা ব্যবসা থামানো) কোনো নোটিফিকেশনই যায় না।

আমি নিজে কীভাবে একটা চ্যাট হাতে নেব?

ড্যাশবোর্ড থেকে: ইনবক্সের চ্যাটে “Take over” (পেজের নির্ধারিত সময়ের জন্য), অথবা চ্যাটের ভেতরের Timer — ৩০ মিনিট, ১ ঘণ্টা বা ৬ ঘণ্টা। পেজের নিজের চ্যাট তালিকায় (Pages → পেজ) ৩০ মিনিট থেকে ২৪ ঘণ্টা, বা Permanent বেছে নেওয়া যায়। Chrome এক্সটেনশন থেকে: ১ ঘণ্টা, ৪ ঘণ্টা, বা যতক্ষণ না ফিরিয়ে দেন।

নিজের ইনবক্স থেকেও পারেন: গ্রাহককে শুধু একটা “.” লিখে পাঠান — Messenger-এ পেজের ইনবক্স থেকে, বা WhatsApp-এ ব্যবসার নিজের ফোন থেকে। চ্যাটটা তখন মানুষের হাতে যায়; আরেকটা “.” পাঠালে আবার AI-এর কাছে ফেরে। “.”-টা একটা সাধারণ মেসেজ, তাই গ্রাহকও সেটা দেখতে পান। ওয়েবসাইটের চ্যাট হাতে নিতে হয় ড্যাশবোর্ড থেকে।

মানুষ চ্যাট নেওয়ার পর AI নিজে থেকে ফিরে আসে?

আসে। সময় বেঁধে নেওয়া চ্যাট সময় শেষ হলে নিজে থেকেই AI-এর কাছে ফেরে — কেউ উত্তর দিয়ে থাকুন বা না থাকুন। AI যে চ্যাট হাতে দিয়েছে, ড্যাশবোর্ডে কেউ সেটা Claim না করলে বা উত্তর না দিলে সেটা Notifications-এ থেকে যায়, “never answered” চিহ্ন নিয়ে — Meta Business Suite থেকে দেওয়া উত্তর এখানে ধরা হয় না। আপনি নিজে যে চ্যাট হাতে নেন, তার জন্য কোনো নোটিফিকেশন খোলে না। সময়টা পেজের নিজের সেটিং — নতুন পেজে ৬ ঘণ্টা — যা ব্যবসার মালিক বদলাতে পারেন; যিনি চ্যাট নিচ্ছেন, তিনি সেই চ্যাটের জন্য আলাদা সময়ও বেছে নিতে পারেন। স্থায়ীভাবে নেওয়া চ্যাটে সময়সীমা নেই: কেউ “Back to AI” না চাপা পর্যন্ত সেটা টিমের কাছেই থাকে।

আগের মতো Meta Business Suite থেকে উত্তর দিলে কী হয়?

উত্তরটা আগের মতোই গ্রাহকের কাছে যায়, আর AiPraktor সেটা আপনার টিমের উত্তর হিসেবে গ্রাহকের ইতিহাসে লিখে রাখে — তাই AI সেটা পড়ে। কিন্তু এতে AI থামে না: চ্যাটটা AI-এর কাছেই থাকে, আর গ্রাহকের পরের মেসেজের উত্তর সে-ই দেয়। AI-কে সরিয়ে রাখতে চ্যাটটা হাতে নিন — সেই চ্যাটে “.” লিখে, অথবা ড্যাশবোর্ড বা এক্সটেনশন থেকে Take over চেপে।

কতজন টিমমেট যোগ করা যায়? কে কী দেখতে পান?

টিমমেটের সংখ্যায় কোনো সীমা রাখা হয়নি। ব্যবসার মালিক পুরো ব্যবসা দেখেন: সব চ্যাট, লিড, অর্ডার বা বুকিং, অ্যানালিটিক্স, বিলিং, সেটিংস আর টিম। টিমমেট দেখেন পুরো ব্যবসা — সব চ্যানেল, পরে যোগ হওয়া চ্যানেলও — যদি না আপনি তাঁকে নির্দিষ্ট কিছু পেজে সীমিত করে দেন। তাঁরা চ্যাট পড়েন আর উত্তর দেন, চ্যাট হাতে নেন আর ফিরিয়ে দেন, লিড নিয়ে কাজ করেন, অর্ডার আর বুকিং দেখেন। তাঁদের মেনুতে বিলিং, অ্যানালিটিক্স, টিম বা সেটিংস থাকে না; বিলিং আর টিম তাঁদের জন্য বন্ধ।

মালিক ইমেইলে টিমমেটকে আমন্ত্রণ পাঠান; টিমমেট লিংক খুলে নিজের পাসওয়ার্ড ঠিক করেন, তারপর ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন।

মোবাইল অ্যাপ আছে?

Play Store বা App Store-এ কোনো অ্যাপ নেই। যা আছে: ড্যাশবোর্ডটাই ফোনে অ্যাপের মতো ইনস্টল করা যায় — Android, iPhone আর কম্পিউটারে। সেটা হোম স্ক্রিন থেকে পুরো পর্দায় খোলে, অপেক্ষমাণ চ্যাটের নোটিফিকেশন দেয়, আর যে ডিভাইসে সম্ভব সেখানে আইকনে চিহ্ন দেখায়। iPhone-এ Safari থেকে Share → Add to Home Screen দিয়ে যোগ করতে হয়; নোটিফিকেশন শুধু সেই হোম স্ক্রিনের অ্যাপ থেকে কাজ করার মতো করে বানানো — iPhone-এ আমরা নিজেরা এখনো পরীক্ষা করিনি।

Chrome এক্সটেনশনটা কী করে?

এটা কাজ করে Chrome-এ, Meta Business Suite, Messenger আর Facebook ইনবক্সের ভেতরে। খোলা চ্যাটে সে গ্রাহকের ইতিহাসের সারাংশ দেখায়, পরের উত্তরের খসড়া লিখে দেয় (পাঠান আপনি নিজে), গ্রাহক সম্পর্কে প্রশ্নের উত্তর দেয়, চ্যাট হাতে নিতে বা ফিরিয়ে দিতে দেয়, আর ডেস্কটপ নোটিফিকেশন দেয়। ইনস্টল করতে হয় Chrome Web Store থেকে — “AiPraktor Assistant” নামে, লিংক আছে আমাদের ওয়েবসাইটের নিচে — আর AiPraktor-এর লগইন লাগে। এটা নিজে থেকে কিছু পাঠায় না। অন্য ব্রাউজারে বা ফোনে চলে না।

জরুরি কোনো মেসেজ হারিয়ে যেতে পারে?

নোটিফিকেশন চোখ এড়িয়ে যেতে পারে, তাই মানুষের করার মতো প্রতিটি কাজ Notifications তালিকায় একটা আলাদা কাজ হিসেবেও থেকে যায়: চ্যাট হাতে দেওয়া, AI-এর অ্যালার্ট, বুকিংয়ের অনুরোধ, পেমেন্টের দাবি, ওয়েবসাইটের জিজ্ঞাসা। কাজটা খোলা থাকে যতক্ষণ না একজন মানুষ সেটার ব্যবস্থা নেন — উত্তর দিয়ে, Claim করে, বা Done চেপে; সময় পেরোলে বা পুরনো হলে নিজে থেকে কিছু বন্ধ হয় না।

জেনে রাখুন: AI থেমে থাকা অবস্থায় — ক্রেডিট শেষ, বা ব্যবসা থামানো — গ্রাহকের লেখা মেসেজ আর ছবি সেভ হয়, কিন্তু কাউকে নোটিফিকেশন পাঠানো হয় না, Notifications-এ কোনো কাজও খোলে না। ভয়েস নোট একেবারেই সেভ হয় না, আর থামানো ব্যবসার পোস্টের কমেন্ট রেকর্ড হয় না।

AI গ্রাহককে কী বলেছে, সব পড়া যায়?

সাম্প্রতিক অংশ — হ্যাঁ। ড্যাশবোর্ডে Inbox → Open-এ গ্রাহককে খুলুন: গ্রাহক কী লিখেছেন, AI কী উত্তর দিয়েছে, আপনার টিম কী লিখেছে — ছবি আর তার বিবরণ, লেখায় রূপান্তরিত ভয়েস নোট, কমেন্ট আর অর্ডার বা বুকিংয়ের বার্তাসহ। একই জায়গায় আছে গ্রাহকের ইতিহাসের সারাংশ আর গ্রাহক সম্পর্কে প্রশ্ন করার ঘর। চ্যাট স্ক্রিন এখন কথোপকথনের সর্বশেষ ৫০টি এন্ট্রি দেখায়; পুরনোগুলো রাখা থাকে, কিন্তু সেগুলো খোলার বাটন এখনো নেই। কথোপকথন ফাইলে ডাউনলোড করা যায় না।

লিড কী? লিড দিয়ে কী করা যায়?

লিড হলো এমন একজন গ্রাহক, যিনি কেনার বা বুকিংয়ের সত্যিকারের আগ্রহ দেখিয়েছেন — নাম, ফোন, কী চান, নোট আর ফলো-আপের তারিখসহ। গ্রাহক নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা সেই প্রোডাক্টের দাম জানতে চাইলে, অর্ডার করতে চাইলে, বা ফোন নম্বর দিলে AI নিজেই লিড সেভ করে; গ্রাহকের লিড খোলা থাকা অবস্থায় সে নতুন তথ্য একই লিডে যোগ করে, দ্বিতীয় লিড বানায় না — লিড Won বা Lost হয়ে গেলে ফিরে আসা গ্রাহকের জন্য নতুন লিড হয়। টিমও হাতে লিড যোগ করতে পারে।

লিড দেখা যায় তিনভাবে: ছয় ধাপের পাইপলাইন, খোঁজা যায় এমন তালিকা, আর “Today” — আজ কাকে ফোন করতে হবে, কারটা বাকি পড়ে আছে। লিড টিমমেটকে দেওয়া যায়, আর ফাইলে ডাউনলোড করা যায়।

অ্যানালিটিক্সে কী কী দেখা যায়?

ব্যবসার মালিকের লগইনে, ৭, ১৪ বা ৩০ দিনের জন্য: কত মেসেজ সামলানো হয়েছে, AI আর টিমের উত্তর কতগুলো, কতজন গ্রাহক, কতগুলো কথোপকথন AI একাই শেষ করেছে আর কতগুলোতে মানুষ লেগেছে, প্রথম উত্তর কত সময়ে গেছে, কোন সময়ে ভিড় বেশি, আর চ্যানেল অনুযায়ী ভাগ। সাথে: কতবার চ্যাট মানুষের হাতে গেছে, টিম ড্যাশবোর্ডে কত দ্রুত চ্যাট ধরেছে, এখন কতজন অপেক্ষায়, আর লিডের হিসাব। AI কেন চ্যাট হাতে দিয়েছে, তা আছে Overview-তে — শেষ ৩০ দিনের। এগুলো AiPraktor-এর নিজের রেকর্ডের সংখ্যা — Facebook-এর রিচ বা ফলোয়ারের সংখ্যা নয়।

AI বন্ধ রাখা যায় — একজন গ্রাহকের জন্য, বা পুরো ব্যবসার জন্য?

একজন গ্রাহকের জন্য: যায় — সেই চ্যাটটা হাতে নিন, নির্দিষ্ট সময়ের জন্য বা স্থায়ীভাবে; আবার AI চাইলে “Back to AI” চাপুন। ওয়েবসাইটের চ্যাটের নিজের Off / Test / On সুইচ আছে। Setup-এ Facebook পেজের কার্ডে “সংযোগ বিচ্ছিন্ন করুন” (Disconnect) চাপলে পেজটা AiPraktor থেকে আলাদা হয়ে যায়: AI থামে, আর আবার যুক্ত না করা পর্যন্ত ওই পেজের নতুন কোনো মেসেজ ইনবক্সে জমা হয় না; আগে জমা হওয়া চ্যাটগুলো থেকে যায়, খুলেও দেখা যায়। WhatsApp নম্বরের জন্য এই বাটন আপনার ড্যাশবোর্ডে নেই; দরকার হলে আমরা বিচ্ছিন্ন করে দিই।

পুরো ব্যবসার AI একসাথে থামানোর বাটন আপনার ড্যাশবোর্ডে এখনো নেই; দরকার হলে আমাদের জানান, আমরা থামিয়ে দিই।

চ্যাটের পাশের “AI সহকারী” কী করে?

এটা খোলা চ্যাটের পাশের প্যানেল — ড্যাশবোর্ডে আর Chrome এক্সটেনশনে। সে গ্রাহকের ইতিহাসের সারাংশ দেয়, সেই গ্রাহক সম্পর্কে আপনার প্রশ্নের উত্তর দেয় (যেমন “আমরা কি দাম বলেছিলাম?”), পরের উত্তরের খসড়া লিখে দেয় — আপনি দেখে, বদলে পাঠান — আর কথোপকথন থেকে লিডের তথ্য তুলে দেয়। সে উত্তর দেয় শুধু সেই গ্রাহকের রেকর্ড থেকে, নিজে কিছু পাঠায় না, আর প্রতিবার ব্যবহারে আপনার AI ক্রেডিট খরচ হয়।

খরচ

মাসিক ফি বা চুক্তি আছে?

না। মাসিক ফি নেই, প্যাকেজ নেই, চুক্তিও নেই। সাইন আপ করতে টাকা লাগে না। খরচ হয় শুধু AI কাজ করলে, আপনার AI ক্রেডিট থেকে। সেই কাজের বেশির ভাগই মেসেজের উত্তর: মেসেজ না এলে উত্তরের খরচও নেই। AI-এর অন্য কাজের খরচও একই ক্রেডিট থেকে কাটে — প্রোডাক্ট বা ডকুমেন্ট প্রস্তুত করা, টেস্ট মেসেজ, টিমের AI সহকারী, আর চালু থাকলে রিমাইন্ডার। যখন খুশি থামাতে পারেন।

AI-এর একটা উত্তরে কত খরচ?

AI-এর প্রতিটি উত্তরে খরচ সাধারণত ৫ থেকে ২০ পয়সা। ছবি দেখে প্রোডাক্ট খুঁজতে হলে বা অনেক তথ্য ঘাঁটতে হলে একটু বেশি লাগতে পারে। খরচটা কাটে আপনার AI ক্রেডিট থেকে, আর কোন উত্তরে কত কাটল তা বিলিং পেজে লেখা থাকে।

সার্ভিস চার্জ কত, আর সেটা কেন?

রিচার্জের ৫০% আমাদের সার্ভিস চার্জ, বাকিটা আপনার AI ক্রেডিট: ৳১,০০০ রিচার্জ করলে ৳৫০০ ক্রেডিট। এই চার্জেই পুরো প্ল্যাটফর্ম চলে — ইনবক্স, অর্ডার, নোটিফিকেশন, টিমের অ্যাক্সেস, সার্ভার। আলাদা মাসিক ফি নেই।

আমাদের ক্যাশিং AI-এর খরচ ৫৭% কমিয়ে দেয় (মেপে দেখা, ২৯ সেপ্টেম্বর ২০২৬)। তাই ৳৫০০ ক্রেডিটে যে কাজ হয়, ক্যাশিং ছাড়া AI-এর সাধারণ দামে সেই কাজে ৳১,১৫০-এরও বেশি লাগত।

টাকা পাঠানোর আগেই রিচার্জ স্ক্রিনে পুরো হিসাব দেখে নেবেন।

রিচার্জ কীভাবে করব?

ড্যাশবোর্ডের Billing পেজে অঙ্ক বেছে নিন — ৳১,০০০ বা ৳২,০০০, অথবা আরও বেশি। বিকাশ, নগদ বা ব্যাংকে টাকা পাঠান স্ক্রিনে দেখানো ঠিকানায়, আর পেমেন্টের রেফারেন্সে স্ক্রিনে দেওয়া আপনার ব্যবসার রেফারেন্সটা লিখে দিন। তারপর ট্রানজেকশন আইডি দিয়ে জানিয়ে দিন যে টাকা পাঠিয়েছেন।

প্রতিটি পেমেন্ট আমাদের একজন মিলিয়ে দেখে নিশ্চিত করেন; তারপরই ক্রেডিট যোগ হয়, সব চ্যানেলে একসাথে। নিশ্চিত হলে ইমেইল আর রসিদ পান। কার্ড বা অনলাইন গেটওয়েতে পেমেন্ট নেওয়া হয় না।

ফ্রি ট্রায়াল আছে? কার্ড লাগবে?

আছে। Facebook পেজ যুক্ত করলে ৳৪৯ ফ্রি AI ক্রেডিট নিজে থেকেই যোগ হয়। যেদিন অনেক ব্যবসা যুক্ত হয়, সেদিন যোগ হতে এক দিন পর্যন্ত লাগতে পারে। ফ্রি ট্রায়াল চলে ৭ দিন — দিন গোনা শুরু হয় আপনি “লাইভ করুন” (Go live) চাপার পর থেকে। কোনো কার্ড লাগে না। একটা ব্যবসা ফ্রি ট্রায়াল পায় একবারই; যে Facebook পেজ অন্য অ্যাকাউন্টে একবার ফ্রি ক্রেডিট পেয়েছে, সেটা আর পায় না।

ফ্রি ক্রেডিট আগে শেষ হলে AI থেমে যায়; দিন শেষ হলে ব্যবসাটা থামানো অবস্থায় চলে যায়। দুই ক্ষেত্রেই কিছু মুছে যায় না, আর রিচার্জ নিশ্চিত হলেই AI আগের সেটিংস নিয়ে আবার চালু হয়।

ক্রেডিট কমে এলে বা শেষ হলে কী হয়?

ক্রেডিট কমে এলে ব্যবসার প্রতিটি লগইনে একটা ইমেইল যায়, আর ড্যাশবোর্ডের ওপরে একটা সতর্কবার্তা দেখা যায়। কত ক্রেডিট বাকি থাকতে সতর্ক করা হবে, তা Billing পেজে আপনি নিজেই ঠিক করতে পারেন। ক্রেডিট প্রায় শেষ হয়ে এলে (AI থামে শূন্যের একটু আগেই) আরেকটা ইমেইল যায়, আর AI সব চ্যানেলে একসাথে থেমে যায়।

AI থেমে থাকার সময় গ্রাহকদের লেখা মেসেজ ইনবক্সের Open তালিকায় জমা থাকে, আর আপনার টিম নিজে উত্তর দিতে পারে। ছবিও জমা থাকে, তবে নতুন কোনো গ্রাহক শুধু ছবি পাঠালে তিনি একটা মেসেজ লেখার পর তালিকায় দেখা যান। এ সময় এসব মেসেজের নোটিফিকেশন যায় না, আর ভয়েস নোট সেভ হয় না। রিচার্জ নিশ্চিত হলে AI নিজে থেকেই নতুন মেসেজের উত্তর দেওয়া শুরু করে; থেমে থাকার সময়ে আসা মেসেজের উত্তর আপনাদেরই দিতে হয়।

ক্রেডিটের মেয়াদ শেষ হয়? টাকা ফেরত পাওয়া যায়?

যতদিন আপনার অ্যাকাউন্ট আছে, ক্রেডিটের মেয়াদ শেষ হয় না — এক রিচার্জে এক বছর চললেও সমস্যা নেই। ব্যবহার বন্ধ রাখলেও ক্রেডিট অ্যাকাউন্টে থেকে যায়।

তবে রিচার্জ করা টাকা ফেরতযোগ্য নয়, নগদে তোলা যায় না, অন্য ব্যবসায় সরানোও যায় না। ব্যতিক্রম দুটি: আইন যেখানে বলে, অথবা আমরা স্পষ্টভাবে সেবা দিতে ব্যর্থ হলে। আমাদের কাছে আসা কোনো টাকা রিচার্জের সাথে মেলানো না গেলে তা ফেরত পাঠানো হয়।

মাসে আমার মোট কত খরচ হবে?

আগে থেকে বলা যায় না, কারণ এটা নির্ভর করে কত মেসেজ আসে আর গ্রাহক কী জিজ্ঞেস করেন তার ওপর। বিক্রি কম হলে খরচও কম। বিলিং পেজে প্রতিটি উত্তরের খরচ লেখা থাকে, তাই কয়েক দিন চালালেই নিজের পেজের আসল হিসাবটা নিজেই দেখতে পাবেন।

কত খরচ হলো, কোথায় দেখব?

ড্যাশবোর্ডের Billing পেজে। এটা খোলে শুধু ব্যবসার নিজের লগইন থেকে; টিমমেটরা দেখতে পান না। সেখানে আছে ব্যালেন্স, প্রতিটি রিচার্জ ও তার রসিদ, আর দিনওয়ারি স্টেটমেন্ট, CSV ডাউনলোডসহ।

তার নিচে AI-এর কাজ একটা একটা করে লেখা থাকে: কখন, কী কাজে, কোন গ্রাহকের জন্য (নাম নয়, একটা ছোট কোড), কত খরচ — আজ, গতকাল, এই মাস বা যেকোনো দুই তারিখের মধ্যে, মোট হিসাব আর দিনওয়ারি চার্টসহ। ফলো-আপ রিমাইন্ডারের জন্য AI-এর কাজ এই তালিকায় এখনো থাকে না।

ছবি বা ভয়েস নোটের উত্তরে কি বেশি খরচ?

সাধারণত একটু বেশি। ছবি হলে AI আগে ছবিটা পড়ে, ভয়েস নোট হলে আগে শোনে — এগুলো আলাদা কাজ, বিলিং পেজে আলাদা লাইনে দেখা যায়। উত্তরের খরচ নির্ভর করে AI-কে কতটা পড়তে আর লিখতে হচ্ছে তার ওপর: লম্বা কথোপকথন, বড় নলেজ বেস বা প্রোডাক্ট খোঁজা থাকলে খরচ বাড়ে। ওয়েবসাইটের ভয়েস কলে মুখে বলা উত্তরের খরচ লেখা উত্তরের চেয়ে বেশি।

আমার টিম নিজে উত্তর দিলে কি ক্রেডিট কাটে?

না। আপনার টিম নিজে টাইপ করে উত্তর দিলে AI ক্রেডিট কাটে না; কোনো চ্যাট মানুষের হাতে থাকলে সেই চ্যাটে গ্রাহকের লেখা মেসেজেও খরচ হয় না।

তিনটা ব্যতিক্রম: গ্রাহকের পাঠানো ছবি বা ভয়েস নোট রেকর্ডের জন্য পড়ে বা লিখে রাখা হয়; টিমের পাঠানো ছবি বা ভয়েস নোটও তা-ই; আর টিম যখন AI সহকারী ব্যবহার করে — সারাংশ, প্রশ্ন বা রিপ্লাইয়ের খসড়া। এই কাজগুলোতে ক্রেডিট খরচ হয়।

WhatsApp বা অন্য ফিচারের জন্য আলাদা টাকা লাগে?

WhatsApp একটি পেইড এক্সট্রা; আপনি চাইলে আমাদের টিম আপনার ব্যবসার জন্য চালু করে দেয়। ফলো-আপ আর ব্রডকাস্টও আমাদের টিম চালু করে। নলেজ বেস সব ব্যবসার জন্য শুরু থেকেই চালু থাকে। এগুলোতে AI যে কাজ করে — যেমন রিমাইন্ডার লেখা বা নলেজ বেস খোঁজা — তার খরচ একই AI ক্রেডিট থেকে কাটে। নলেজ বেস খোঁজার খরচ বিলিং পেজে আলাদা লাইনে দেখা যায়; রিমাইন্ডারের জন্য AI-এর কাজ সেখানে এখনো লেখা থাকে না। WhatsApp চালু করার খরচ জানতে লাইভ চ্যাটে জিজ্ঞেস করুন।

মডারেটর রাখব, নাকি AI?

একটা উদাহরণ দিয়ে দেখুন। একজন মডারেটরের বেতন মাসে ৳১৫,০০০ হলে, ২৫ দিন × ৮ ঘণ্টা = ২০০ ঘণ্টায় তাঁর এক ঘণ্টার খরচ ৳৭৫, আর এক মিনিটের খরচ ৳১.২৫। একটা উত্তর গুছিয়ে লিখতে এক মিনিট বা তার বেশি লাগে, তাই মডারেটরের হাতে লেখা একটা উত্তরের খরচ ১২৫ পয়সা বা বেশি। AI-এর প্রতিটি উত্তরে খরচ সাধারণত ৫ থেকে ২০ পয়সা, আর উত্তর সাধারণত যায় এক মিনিটের মধ্যে — রাত-দিন যেকোনো সময়ে।

তবে টিম লাগবেই। অভিযোগ, টাকা ফেরত বা বিশেষ অনুরোধে AI নিজেই আপনার টিমকে ডাকে; বারবার আসা প্রশ্নগুলো AI সামলায়।

শুরু করা

শুরু করতে কী কী লাগবে?

একটা Facebook পেজ, যার অ্যাডমিন আপনি; একটা ইমেইল ঠিকানা, যেটা আপনি খুলতে পারেন; আর আপনার ব্যবসার তথ্য — কী বিক্রি করেন, ডেলিভারি চার্জ, খোলা থাকার সময়, ফোন নম্বর, ঠিকানা। কোনো কার্ড লাগে না, ওয়েবসাইটও লাগে না।

সেটআপে কত সময় লাগে? ধাপগুলো কী?

সেটআপে লাগে ১০ মিনিটের মতো, সাথে আপনার প্রোডাক্ট বা সেবা যোগ করার সময় — প্রথম লিস্টের জন্য আরও ১০ মিনিটের মতো। আর কত মিনিট বাকি, তা সেটআপ গাইড দেখায়।

ধাপগুলো: সাইন আপ → ইমেইলে আসা লিংকে চাপ দিয়ে ইমেইল নিশ্চিত করা → ব্যবসার তথ্য → Facebook পেজ যুক্ত করা → শপ হলে: প্রোডাক্ট যোগ করা (WooCommerce ওয়েবসাইট থাকলে চাইলে সেটা যুক্ত করা), গ্রাহক কীভাবে টাকা দেন; সার্ভিস ব্যবসা হলে: সেবা ও ফি, বুকিংয়ের প্রশ্ন → ফোনে নোটিফিকেশন চালু করা → একটা টেস্ট মেসেজ → “লাইভ করুন” (Go live)।

অনেক প্রোডাক্ট থাকলে, বা ওয়েবসাইট আর কুরিয়ার যুক্ত করলে আরও কিছুটা সময় লাগে।

কোডিং বা টেকনিক্যাল জ্ঞান লাগে?

মূল সেটআপে লাগে না: ফর্ম পূরণ করেন, Facebook-এ সাইন ইন করেন, বাটন চাপেন। তিনটা ঐচ্ছিক সংযোগে কিছু তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করতে হয়: WooCommerce ওয়েবসাইট (ঠিকানা আর দুটো key; আর ওয়েবসাইটের অর্ডার এখানে দেখাতে WordPress-এ দুটো webhook যোগ করতে হয়), কুরিয়ার (Pathao বা Steadfast-এর প্যানেল থেকে key, আর আমাদের দেওয়া ঠিকানা ও টোকেন সেই প্যানেলে বসানো), আর নিজের ওয়েবসাইটে চ্যাট বসানো — এক লাইন কোড, যা আপনার সাইট যিনি বানিয়েছেন তাঁকে পাঠিয়ে দিলেই হয়।

আমার Facebook পাসওয়ার্ড দিতে হবে?

না। আপনি সাইন ইন করেন Facebook-এর নিজের পেজে; পাসওয়ার্ড আমরা দেখি না, চাইও না। সেখানে আপনার পেজটা বেছে নিয়ে অনুমতিগুলো চালু রাখেন। এই Facebook অ্যাকাউন্টের আরেকটা পেজ আগে থেকেই AiPraktor-এ থাকলে Facebook-এর স্ক্রিনে সেটির টিক রেখে নতুন পেজটিতেও টিক দিন — প্রতিবার সাইন ইনে Facebook পুরো তালিকাটা নতুন করে বসায়।

সংযোগ সরাতে Setup-এ আপনার পেজের কার্ডে “সংযোগ বিচ্ছিন্ন করুন” (Disconnect) চাপুন, আর Facebook-এর Settings → Business integrations থেকে অনুমতিটাও তুলে নিতে পারেন।

Facebook-এ কী কী অনুমতি চাওয়া হয়?

আপনার পেজের তালিকা; পেজের মেসেজ পড়া ও পাঠানো, আর ২৪ ঘণ্টার পরে অর্ডার-ডেলিভারির অনুমোদিত আপডেট পাঠানো; কমেন্ট পড়া, উত্তর দেওয়া ও মুছে ফেলা; পেজের পোস্ট তৈরি, শিডিউল, সম্পাদনা ও মুছে ফেলা; পেজের সেটিংস পড়া ও বদলানো; পেজের ইনসাইট দেখা; যাঁরা লেখেন তাঁদের নাম ও ছবি দেখা; আর Instagram-এর ঘরে টিক থাকলে (শুরুতে টিক দেওয়াই থাকে) Instagram-এর মেসেজ, কমেন্ট ও সেখানে পোস্ট করা।

সব অনুমতি চালু রাখুন: মেসেজের অনুমতি বন্ধ থাকলে মেসেজ আসে না, আর কোনো অনুমতি বাদ পড়লে স্ক্রিন সেটার নাম দেখায়।

আসল গ্রাহকদের আগে নিজে পরীক্ষা করে দেখা যায়?

যায়। নিজে সাইন আপ করলে ব্যবসা শুরু হয় প্র্যাকটিস মোডে: AI তখন শুধু টেস্ট চ্যাটের উত্তর দেয় — ড্যাশবোর্ডের Agent Desk থেকে, অথবা আপনার পেজে এক মেসেজে শুধু ‘test’ আর সেটআপ গাইডে দেখানো কোডটি লিখে পাঠালে (যেমন ‘test 12345’)। এ সময় আসল গ্রাহকদের মেসেজের উত্তর AI দেয় না; আপনি আগের মতোই Messenger বা Meta Business Suite থেকে উত্তর দেন। লাইভ করার আগে WhatsApp আর ওয়েবসাইটের চ্যাটে AI কাউকে উত্তর দেয় না; ওয়েবসাইটের ভিজিটরের মেসেজ আপনার টিমের কাছে যায়।

সব ঠিক মনে হলে “লাইভ করুন” (Go live) চাপুন। পেজ যুক্ত হওয়া, নির্দেশনা, ক্রেডিট আর Agent Desk-এ একটা সফল টেস্ট — এগুলো থাকলে তবেই লাইভ করা যায়।

মাঝপথে থেমে পরে আবার শুরু করা যায়?

যায়। যে ধাপগুলো সেভ করেছেন, সব থেকে যায়; পরে যেকোনো ডিভাইস থেকে সাইন ইন করলে সেটআপ গাইড আপনার পরের ধাপটা দেখায়, আর Setup খোলে প্রথম অসমাপ্ত ধাপে। হারায় শুধু টাইপ করে সেভ না করা লেখা: সেটআপের ভেতরে অন্য ধাপে যেতে গেলে স্ক্রিন আগে জিজ্ঞেস করে নেয়, কিন্তু ট্যাব বন্ধ করলে বা অন্য স্ক্রিনে গেলে করে না — তাই যাওয়ার আগে সেভ করুন। সেটআপ চলার সময় কোনো গ্রাহককে AI উত্তর দেয় না।

সাইন আপের পর ইমেইল নিশ্চিত করতে হয়?

হয়। সাইন আপ করলে আপনার ইমেইলে একটা লিংক যায়; সেটায় চাপ দিলে অ্যাকাউন্ট চালু হয়, আর আপনি সরাসরি সেটআপে ঢুকে যান। লিংকে চাপ না দিলে সাইন ইন করা যায় না। লিংক না পেলে সাইন আপের ঠিক পরের স্ক্রিনে “লিংকটি আবার পাঠান” চাপুন; পরে হলে সাইন ইন স্ক্রিনে ইমেইল আর পাসওয়ার্ড লিখে সেখান থেকে আবার চেয়ে নিন। এক-দুই দিনের মধ্যে আমরা একবার মনে করিয়ে দেওয়ার ইমেইলও পাঠাই, নতুন লিংকসহ। একটা লিংক একবারই কাজ করে, আর কাজ করে শুধু সবচেয়ে নতুনটা: নতুন লিংক পাঠানো হলে আগের ইমেইলের লিংক আর কাজ করে না।

সেটআপে ব্যবসা সম্পর্কে কী কী লিখতে হয়?

ব্যবসার নাম; প্রোডাক্ট, সার্ভিস নাকি দুটোই; কয়েক শব্দে কী বিক্রি করেন; খোলা থাকার সময়; ফোন নম্বর; ঠিকানা; কোন ভাষায় উত্তর যাবে; কথার ধরন। শপ হলে: ডেলিভারি চার্জ, গ্রাহক কীভাবে টাকা দেন, আর চাইলে রিটার্ন-এক্সচেঞ্জের নিয়ম। সার্ভিস ব্যবসা হলে: সেবা ও ফি, বুকিংয়ের প্রশ্ন, অগ্রিম আর বাতিলের নিয়ম।

আপনি যা লেখেন, AI সেটাই বলে; যা লেখা নেই, তা সে আন্দাজ করে বলে না — জানায় যে তথ্যটা লেখা নেই, আর আপনার টিমের কাছ থেকে জেনে দিতে চায়।

কেউ কি আমার হয়ে সেটআপ করে দেবে?

সেটআপটা এমনভাবে বানানো, যাতে আপনি একাই, যেকোনো সময়ে করে ফেলতে পারেন। কোথাও আটকে গেলে লাইভ চ্যাটে জিজ্ঞেস করুন; মানুষ চাইলে বলুন, আমাদের টিম যোগাযোগ করবে। আমাদের একজন মানুষ লাগে শুধু এই কাজগুলোতে, আপনি চাইলে: রিচার্জের পেমেন্ট নিশ্চিত করা; WhatsApp, ফলো-আপ বা ব্রডকাস্ট চালু করা; ২৫০ প্রোডাক্টের সীমা বাড়ানো; সার্ভিস ব্যবসার ২৪ ঘণ্টা পরের বুকিং মেসেজ তৈরি করে দেওয়া; আর পুরো ব্যবসা থামানো বা অ্যাকাউন্ট বন্ধ করা।

ড্যাশবোর্ড কি বাংলায়?

আংশিক। ওয়েবসাইট, সাইন আপ, সাইন ইন, সেটআপের ধাপ আর সেটআপ গাইড খোলে বাংলায়, চাইলে এক চাপে ইংরেজি; আমাদের ইমেইলে দুটোই থাকে — ওপরে বাংলা, নিচে ইংরেজি। ড্যাশবোর্ডের Agent Desk আর Feedback-ও বাংলায় খোলে, চাইলে এক চাপে ইংরেজি। ড্যাশবোর্ডের বাকি অংশ — ইনবক্স, অর্ডার, লিড, বিলিং, প্রোডাক্ট — এখন ইংরেজিতে। Terms আর Privacy Policy ইংরেজিতে; চাইলে Privacy Policy-র বাংলা কপি দেওয়া হয়।

পরে থামাতে বা অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে?

কোনো চুক্তি নেই, যখন খুশি থামাতে পারেন। Setup-এ আপনার Facebook পেজের কার্ডে “সংযোগ বিচ্ছিন্ন করুন” (Disconnect) চাপলে পেজটা AiPraktor থেকে আলাদা হয়ে যায়: তার নতুন মেসেজ আমাদের কাছে আসা বন্ধ হয়, আর আমাদের কাছে রাখা key মুছে যায়; আগে জমা হওয়া চ্যাটগুলো ইনবক্সে থেকে যায়, খুলেও দেখা যায়। অনুমতিটা তুলতে হয় Facebook থেকে। WhatsApp নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আমাদের টিম। পুরো ব্যবসা থামাতে বা অ্যাকাউন্ট বন্ধ করতে আমাদের জানান; ড্যাশবোর্ডে এর জন্য আলাদা বাটন এখনো নেই।

ব্যবসা থামানো থাকলে AI উত্তর দেওয়া বন্ধ করে, কিন্তু কিছুই মুছে যায় না: সাইন ইন করে কথোপকথন আর অর্ডার দেখতে পান, আর অব্যবহৃত ক্রেডিট অ্যাকাউন্টে থেকে যায় — পরে আবার শুরু করার জন্য।

আপনার ডেটা

আমার গ্রাহক আর কথোপকথনের মালিক কে?

আপনার ব্যবসা। গ্রাহকদের মেসেজ, নাম আর যোগাযোগের তথ্য আপনার ব্যবসার; AiPraktor সেগুলো জমা রাখে আর ব্যবহার করে আপনার নির্দেশে, শুধু আপনাকে সেবা দেওয়ার জন্য। আমরা তথ্য বিক্রি করি না, আমাদের কোনো বিজ্ঞাপন-সহযোগীও নেই। তথ্যটা আপনার বলে সেই তথ্য নিয়ে গ্রাহকদের অনুরোধের জবাব দেওয়ার দায়িত্বও আপনার।

গ্রাহকের চ্যাট কারা দেখতে পায়?

আপনি, আর আপনার আমন্ত্রণ পাওয়া টিমমেটরা — তাঁরা দেখেন পুরো ব্যবসা, অথবা শুধু আপনার বেছে দেওয়া পেজগুলো। সার্ভিসটা চালায় বলে AiPraktor-এর কাছেও অ্যাক্সেস থাকে। অন্য কোনো ব্যবসা আপনার তথ্য দেখতে পায় না — প্রতিটা অনুরোধে সার্ভার এটা যাচাই করে।

আমার গ্রাহকদের তথ্য আর কোন প্রতিষ্ঠানের কাছে যায়?

উত্তর লিখতে, ছবি পড়তে বা ভয়েস নোট লিখে নিতে যতটুকু দরকার, ততটুকু যায় AI প্রোভাইডারের কাছে — আমাদের OpenRouter অ্যাকাউন্ট হয়ে, যে মডেলটা কাজ করছে তার প্রতিষ্ঠানের কাছে, তাদের নিজস্ব শর্ত অনুযায়ী। এ ছাড়া আছে: Meta (Facebook, Instagram, WhatsApp — মেসেজ আসে-যায় তাদের মাধ্যমেই), WhatsApp-এর মেসেজের জন্য WaSenderAPI, সার্ভারের জন্য Hostinger, ব্যাকআপের জন্য Amazon Web Services, আর নোটিফিকেশনের জন্য ব্রাউজার-নির্মাতাদের পুশ সেবা। আর আপনি নিজে যে সেবাগুলো যুক্ত করেন — আপনার অনলাইন স্টোর (WooCommerce) আর আপনার কুরিয়ার (Steadfast বা Pathao) — অর্ডারের জন্য যা লাগে তা পায়: গ্রাহকের নাম, ফোন নম্বর, ঠিকানা আর প্রোডাক্ট। পুরো তালিকা আছে আমাদের Privacy Policy-তে।

ব্যবহার বন্ধ করলে আমার ডেটার কী হয়?

কিছুই মুছে যায় না। AI উত্তর দেওয়া বন্ধ করে, আর আপনার কথোপকথন আর অর্ডার যেখানে ছিল সেখানেই থাকে, কোনো শেষ তারিখ ছাড়া — পেছনে ফিরে দেখতে বা আবার শুরু করতে পারেন। সময় পেরোলে নিজে থেকে কোনো গ্রাহকের চ্যাট, অর্ডার, লিড বা প্রোডাক্ট মুছে ফেলা হয় না; মোছা হয় কেবল আপনি চাইলে।

আমার ডেটা মুছে ফেলতে চাইলে?

যে ইমেইল দিয়ে সাইন ইন করেন, সেখান থেকে privacy@aipraktor.com-এ লিখুন। আমরা নিশ্চিত হই যে এটা আপনিই, জানাই কী কী মুছে যাবে, তারপর একজন মানুষ কাজটা করেন। মোছার অনুরোধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়। মুছে যায়: কথোপকথন আর গ্রাহকের রেকর্ড, AI-এর নির্দেশনা, অর্ডার, বুকিং, প্রোডাক্ট ও তাদের ছবি, নলেজ বেসের ডকুমেন্ট, লিড, সেভ করা সব key, টিমমেটদের অ্যাকাউন্ট আর ব্যবসাটা নিজে — পুরো তালিকা আছে aipraktor.com/data-deletion পাতায়। থেকে যায় শুধু আমাদের নিজের হিসাবের জন্য AI-এর প্রতিটি কাজের খরচের রেকর্ড — তাতে কোনো মেসেজ বা গ্রাহকের পরিচয় থাকে না।

যা আমাদের নাগালের বাইরে: Meta নিজের কাছে যে কপি রাখে। আর এনক্রিপ্ট করা ব্যাকআপে তথ্য থাকে ব্যাকআপ পুরনো হয়ে সরে যাওয়া পর্যন্ত — সর্বোচ্চ আট সপ্তাহ। আপনার কোনো গ্রাহক নিজের তথ্য মুছতে চাইলে আপনাকে বলবেন, অথবা একই ঠিকানায় লিখবেন।

আমার ডেটা ডাউনলোড করা যায়?

ড্যাশবোর্ড থেকে CSV ফাইলে ডাউনলোড করা যায়: অর্ডার (গ্রাহকের নাম, ফোন, ঠিকানা, প্রোডাক্ট, টাকার অঙ্ক, কুরিয়ার আর অবস্থাসহ), লিড, কখন AI আর কখন মানুষ চ্যাট সামলেছে তার লগ, বিলিংয়ের স্টেটমেন্ট আর AI-এর কাজের লগ। কথোপকথনের ইতিহাস ডাউনলোড করা যায় না, আর গ্রাহকের তালিকা বা প্রোডাক্ট লিস্টের আলাদা ডাউনলোড নেই। অর্ডারের ফাইল, বিলিংয়ের স্টেটমেন্ট আর AI-এর কাজের লগ নামাতে পারেন ব্যবসার মালিক; টিমমেটরা পারেন না।

পাসওয়ার্ড আর সংযোগের key কতটা নিরাপদে রাখা হয়?

পাসওয়ার্ড কখনো সরাসরি লেখা অবস্থায় রাখা হয় না — রাখা হয় শুধু তার হ্যাশ। আপনার পেজ, WhatsApp, শপ আর কুরিয়ার যুক্ত করতে আপনি যে key দেন, সেগুলো আমাদের ডেটাবেসে লেখার আগেই এনক্রিপ্ট করা হয়, খোলা হয় শুধু আমাদের সার্ভারে, আর ব্রাউজারে ফেরত পাঠানো হয় না — স্ক্রিনে শুধু দেখা যায় ঘরটা পূরণ করা আছে কি না। ডেটাবেসের এনক্রিপ্ট করা ব্যাকআপ নেওয়া হয় প্রতি রাতে, আর রাখা হয় আলাদা একটা সার্ভারে; যে key দিয়ে ব্যাকআপ খোলে, সেটা কোনো সার্ভারে রাখা হয় না।

আমার ডেটা কোন দেশে রাখা হয়?

AiPraktor চালানো হয় বাংলাদেশ থেকে। ওয়েব অ্যাপ আর তার ডেটাবেস চলে মালয়েশিয়ার একটা সার্ভারে, আর ডেটাবেসের এনক্রিপ্ট করা ব্যাকআপ রাখা হয় আয়ারল্যান্ডের একটা সার্ভারে। বাইরের সেবাগুলো — Meta, AI প্রোভাইডার — তথ্য সামলায় তাদের নিজেদের ব্যবস্থায়, যার অনেকটাই যুক্তরাষ্ট্রে। সার্ভার অন্য দেশে সরলে Privacy Policy-তে তা হালনাগাদ করা হয়।

রিমাইন্ডার ও অফার পাঠানো

Meta-র ২৪ ঘণ্টার নিয়মটা কী?

Messenger আর Instagram-এ গ্রাহকের শেষ মেসেজের পর ২৪ ঘণ্টার ভেতরেই কেবল একটা পেজ সাধারণ মেসেজ পাঠাতে পারে — এটা Meta-র নিয়ম। তাই গ্রাহক লিখলে AI যেকোনো সময় উত্তর দেয়; কিন্তু AI বা আপনার টিম নিজে থেকে যা পাঠায় — রিমাইন্ডার, অফার, আপডেট — তা সাধারণ মেসেজ হিসেবে যায় শুধু ওই ২৪ ঘণ্টার ভেতরে। ড্যাশবোর্ড থেকে আপনার টিমের লেখা উত্তরেও একই নিয়ম খাটে। WhatsApp আর আপনার ওয়েবসাইটের চ্যাটে এই নিয়ম নেই।

২৪ ঘণ্টা পেরিয়ে গেলে গ্রাহককে কিছু পাঠানো যায়?

Messenger-এ তখন পাঠানো যায় শুধু Meta-র অনুমোদিত টেমপ্লেট। অর্ডারের ক্ষেত্রে — Pathao বা Steadfast যুক্ত থাকলে, আর অর্ডারটা ওই গ্রাহকের চ্যাটের সাথে যুক্ত থাকলে — কুরিয়ারে দেওয়া হয়েছে, ডেলিভারির জন্য বের হয়েছে (কুরিয়ার জানালে), ডেলিভারিতে সমস্যা, আর আপনি চালু করে রাখলে ডেলিভারির পর রিভিউয়ের অনুরোধ। সার্ভিস ব্যবসায় — বুকিংয়ের নিশ্চিতকরণ আর রিমাইন্ডার, আমাদের টিম আপনার পেজের জন্য টেমপ্লেট তৈরি করে দেওয়ার পর; তার আগে ২৪ ঘণ্টার পরের বুকিং মেসেজ যায় না। অফার, কুপন বা কোনো প্রচারণা ২৪ ঘণ্টার পরে কখনো পাঠানো হয় না। Instagram-এ ২৪ ঘণ্টার পরের আপডেট পাঠানো হয় না।

গ্রাহক চুপ হয়ে গেলে AI নিজে থেকে মনে করিয়ে দেয়?

দেয়, ফলো-আপ চালু থাকলে। এটা আপনার ব্যবসার জন্য চালু করে দেয় আমাদের টিম; তারপর কাদের মনে করানো হবে তা আপনি বেছে নেন — হট গ্রাহক, ওয়ার্ম গ্রাহক, না দুটোই। AI প্রতিটি চুপ হয়ে যাওয়া গ্রাহকের আগ্রহ বুঝে নেয়: এমনি প্রশ্ন করে চলে গেলে (কোল্ড) কিছু পাঠায় না; নির্দিষ্ট প্রোডাক্ট বা তার দাম জানতে চাইলে সে ওয়ার্ম — একটা রিমাইন্ডার ঠিক করা হয়; দাম জানার সাথে ডেলিভারি, পরিমাণ বা পেমেন্ট নিয়েও জিজ্ঞেস করলে, অর্ডারের জন্য ঠিকানা দিলে, বা অর্ডার করবেন বললে সে হট — দুটো।

প্রতিটি রিমাইন্ডার যায় ২৪ ঘণ্টার নিয়মের ভেতরে, একবারই; চ্যাট মানুষের হাতে থাকলে, বা গ্রাহক অর্ডার করেছেন বলে AiPraktor জানলে যায় না; আর দরকার না মনে হলে AI না-ও পাঠাতে পারে। এখন রিমাইন্ডার যায় শুধু Messenger-এ।

একসাথে অনেক গ্রাহককে অফার পাঠানো যায়?

যায়, ব্রডকাস্ট দিয়ে — আমাদের টিম আপনার পেজের জন্য চালু করে দেওয়ার পর। ব্রডকাস্ট পান শুধু তাঁরা, যাঁরা গত ২৩ ঘণ্টার মধ্যে আপনার পেজে লিখেছেন; যে চ্যাট মানুষের হাতে আছে, আর যিনি সম্প্রতি একটা ব্রডকাস্ট পেয়েছেন — আপনি অন্য সময় না বাছলে গত ২৪ ঘণ্টায় — তাঁরা বাদ যান। পাঠানোর আগে নিজের একটা চ্যাটে টেস্ট পাঠিয়ে দেখে নিতে হয়; বার্তা বদলালে আবার টেস্ট। WhatsApp আর ওয়েবসাইটের চ্যাটে ব্রডকাস্ট নেই, আর পুরনো গ্রাহক বা আমদানি করা নম্বরের তালিকায় পাঠানো যায় না।

সাহায্য

শুরু করতে কি কারো সাথে কথা বলতে বা ডেমো বুক করতে হয়?

না। সাইন আপ, ইমেইল নিশ্চিত করা, Facebook পেজ যুক্ত করা, ব্যবসার তথ্য, টেস্ট মেসেজ আর লাইভ করা — সব আপনি নিজেই করেন, যেকোনো সময়ে। আমাদের একজন মানুষ লাগে শুধু এই কাজগুলোতে, আপনি চাইলে: রিচার্জের পেমেন্ট নিশ্চিত করা; WhatsApp, ফলো-আপ বা ব্রডকাস্ট চালু করা; ২৫০ প্রোডাক্টের সীমা বাড়ানো; সার্ভিস ব্যবসার ২৪ ঘণ্টা পরের বুকিং মেসেজ তৈরি করে দেওয়া; আর পুরো ব্যবসা থামানো বা অ্যাকাউন্ট বন্ধ করা।

আগে একটা ডেমো দেখা যায়?

সবচেয়ে ভালো ডেমো আপনার নিজের পেজ: সাইন আপ করুন, প্র্যাকটিস মোডে নিজে টেস্ট মেসেজ পাঠান, আর দেখুন AI আপনার নিজের প্রোডাক্ট বা সেবা নিয়ে কীভাবে উত্তর দেয় — আসল গ্রাহকদের কাছে যাওয়ার আগেই। আমাদের হোমপেজে একটা অর্ডারের পুরো উদাহরণ নিজে থেকেই চলে, আর হোমপেজের লাইভ চ্যাটে উত্তর দেয় আমাদের নিজের AI এজেন্ট — শুরুতে সে আপনার নাম আর মোবাইল নম্বর চায়, তারপর যা খুশি জিজ্ঞেস করে দেখুন।

AiPraktor-এর একজন মানুষের সাথে যোগাযোগ করব কীভাবে?

আমাদের ওয়েবসাইটের নিচের কোণের গোল বাটনে চাপ দিন। ফোন কলে সরাসরি মানুষ পাবেন; ফোনের সময় সকাল ১০টা – রাত ১০টা। লাইভ চ্যাট, WhatsApp আর Messenger-এ প্রথমে উত্তর দেয় আমাদের AI এজেন্ট; মানুষ চাইলে বলুন — চ্যাটটা টিমের কাছে যায়, আর টিম সেখানেই উত্তর দেয় অথবা আপনার দেওয়া নম্বরে যোগাযোগ করে। একই মেনুর ভয়েস কলে কথা বলে AI এজেন্ট। ইমেইল: support@aipraktor.com। টিমের একজন কত সময়ের মধ্যে উত্তর দেবেন, সে কথা আমরা আগে থেকে দিই না।

AI গ্রাহককে ভুল উত্তর দিলে কী করব?

সেই মুহূর্তে: চ্যাটটা এক ট্যাপে নিজের হাতে নিন, গ্রাহককে নিজে উত্তর দিন, তারপর চ্যাট ফিরিয়ে দিন। আবার যেন না হয়: AI যে তথ্য পড়ে সেটা ঠিক করুন — প্রোডাক্ট, দাম বা ব্যবসার তথ্য — অথবা Agent Desk-এ নিয়মটা সাধারণ ভাষায় লিখে দিন; সে খসড়া বানায়, টেস্ট করে দেখায়, আর আপনি বললে তবেই চালু হয়।

AI উত্তর দেয় আপনার দেওয়া তথ্য থেকে আর নিশ্চিত না হলে জিজ্ঞেস করে — তবু তার ভুল হতে পারে, আর এজেন্ট যা পাঠায় তা যায় আপনার ব্যবসার নামেই। তাই গুরুত্বপূর্ণ বিষয়ে একজন মানুষের নজর রাখুন।

AI সবসময় ঠিক উত্তর দেবে বা সেবা কখনো বন্ধ হবে না — এমন নিশ্চয়তা আছে?

না, আর আমরা এমন কথা দিই না। আমাদের Terms-এ লেখা আছে: সেবা চালু রাখতে আমরা সাধ্যমতো চেষ্টা করি, কিন্তু লিখিতভাবে আলাদা করে সম্মত না হলে নির্দিষ্ট আপটাইমের কথা দিই না; আর AI-এর উত্তর নির্ভুল, সম্পূর্ণ বা আপনার পরিস্থিতির উপযোগী হবেই — এমন নিশ্চয়তাও দিই না। AI-এর উত্তর ভুল হতে পারে, এমনকি পড়তে খুব আত্মবিশ্বাসী শোনালেও।

AiPraktor কী কী করে না?

যা এখন নেই: Instagram পোস্টের কমেন্টের উত্তর; Shopify, Daraz বা WooCommerce ছাড়া অন্য স্টোরের সংযোগ; কার্ড বা অনলাইন পেমেন্ট নেওয়া; AI-এর নিজে থেকে ফোন কল করা; Play Store বা App Store-এর অ্যাপ; কথোপকথন ফাইলে ডাউনলোড; WhatsApp-এ ব্রডকাস্ট আর ফলো-আপ রিমাইন্ডার; Steadfast, Pathao, RedX আর eCourier ছাড়া অন্য কুরিয়ার (শেষ দুটো নতুন); এক অ্যাকাউন্টে দ্বিতীয় Facebook পেজ বা দ্বিতীয় WhatsApp নম্বর।

আর AI যা করে না: অর্ডার বাতিল, টাকা ফেরত, নিজে থেকে ডিসকাউন্ট দেওয়া (আপনার ঠিক করা অফারটুকুই শুধু জানায়), পার্সেল বুক করা, বা বুকিংয়ের সময় নিজে থেকে নিশ্চিত করা — যদি না আপনি বুকিং সেটিংসে স্বয়ংক্রিয় কনফার্ম চালু করেন। এই সিদ্ধান্তগুলো মানুষের।

সাহায্য লাগবে? আমরা আছিযেভাবে সুবিধা, সেভাবেই যোগাযোগ করুন